ব্যবসা

টানা চতুর্থবার বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার

ঢাকা, ১ এপ্রিল – দেশের বাজারে টানা চতুর্থবারের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস।

নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এর আগে এই সোনার দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকাতেই স্থির আছে।

আন্তর্জাতিক অঙ্গনে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে সোনার দাম আগে থেকেই ঊর্ধ্বমুখী ছিল। গোল্ডপ্রাইস ওয়েবসাইটের তথ্যমতে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে ৪ হাজার ৬৭৫ ডলার ছাড়িয়ে গেছে।

এর আগে গত মাসের শেষের দিকেও বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার প্রভাব দেশের বাজারে পড়েছিল। সে সময় এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এনএন/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language