ব্যবসা

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল সোনার দাম, ভরিপ্রতি বৃদ্ধি ২ হাজার ১৫৮ টাকা

ঢাকা, ৩০ এপ্রিল – দেশের বাজারে সোনার দাম কমানোর মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে পুনরায় বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এই মানের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

এর আগে বিকেলে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, একই দিন সকাল ১০টা থেকে সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তবে দিন শেষ হওয়ার আগেই স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় পুনরায় দাম বাড়ানোর পথে হাঁটল সংগঠনটি।

নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৫ হাজার ৪৮২ টাকা রাখা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language