হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানে ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ট্রাম্পের

তেহরান, ৩০ মার্চ – গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালি অবিলম্বে খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়ে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন। পোস্টে ট্রাম্প উল্লেখ করেন যে, চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। তবে যদি দ্রুত কোনো চুক্তিতে পৌঁছানো না যায় এবং হরমুজ প্রণালি বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া না হয়, তবে ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খার্গ দ্বীপে বোমাবর্ষণ করে সেগুলো সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, বিগত ৪৭ বছরের সন্ত্রাসের রাজত্বে ইরান অসংখ্য মার্কিন সেনাসহ অন্যান্যদের নৃশংসভাবে হত্যা করেছে। এই হামলা হবে তারই প্রতিশোধ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। ইতিমধ্যে যুদ্ধের ৩১তম দিন পার হয়েছে। ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সারাবিশ্বের জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।
এস এম/ ৩০ মার্চ ২০২৬









