কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ঢাকা, ৩০ এপ্রিল – জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করবেন। বিচারিক প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ৯ এপ্রিল এই আদেশ হওয়ার কথা থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে তারিখ পরিবর্তন করে আজ নির্ধারণ করা হয়েছে। ইতিপূর্বে এই দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দুইবার পিছিয়ে যায়।
গত ১১ মার্চ কামরুল ও মেননের অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি আদালতে দাবি করেন যে তার মক্কেলদের বিরুদ্ধে প্রসিকিউশন কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
অন্যদিকে গত ২ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের সপক্ষে শুনানি শেষ করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম শুনানিতে বলেন যে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তারা ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির বিষয়ে প্ররোচনা দিয়েছিলেন।
রাজধানীর বাড্ডা এলাকাসহ আশপাশে ২৩ জনকে হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগটি আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬









