পশ্চিমবঙ্গ

ভবানীপুরে তৃণমূলের অভিনব প্রচার কৌশল, মমতার সঙ্গে ছবি তুলতে ‘ফোটো বুথ’

কলকাতা, ২৯ মার্চ – ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই এবার ভবানীপুরের ভোটের ময়দানে অবতীর্ণ হতে চলেছে। এই হাইভোল্টেজ নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস অভিনব প্রচার কৌশল গ্রহণ করেছে। নতুন এই প্রচার কৌশলের অংশ হিসেবে ভবানীপুরের ভোটারদের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হচ্ছে। তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি এবং মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ফোটো বুথ বা ফোটো কর্নার তৈরি করা হয়েছে।

দক্ষিণ কলকাতা তৃণমূল সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে ভবানীপুরের আটটি ওয়ার্ডে এই ধরনের ফোটো বুথ স্থাপন করা হবে। সেখানে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর ছবির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন।

সাধারণত বিভিন্ন জমকালো অনুষ্ঠান বা বিয়েবাড়িতে এমন ফোটো কর্নারের দেখা মেলে। তবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এমন উদ্যোগ এবারই প্রথম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শুক্রবার রাতে স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীদের সামনে কার্তিক বন্দ্যোপাধ্যায় এই নতুন প্রচার কৌশল তুলে ধরেন। প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি ৭৩ নম্বর ওয়ার্ডের মুক্তদল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে একটি ফোটো বুথ বসানো হয়েছে। এর ডান দিকে মুখ্যমন্ত্রীর হাতজোড় করা ছবি রয়েছে এবং পাশে ছবি তোলার জন্য জায়গা ফাঁকা রাখা হয়েছে। বুথের উপরের অংশে তৃণমূলের জোড়াফুল প্রতীক এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আহ্বান লেখা রয়েছে।

ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। তবে এবারের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে তৃণমূল নেতৃত্ব।

নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনীর কারণে ভবানীপুরের ভোটার তালিকা থেকে প্রায় ৪৭ হাজার নাম বাদ পড়েছে এবং আরও ১৪ হাজার নাম বিবেচনাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিটি ভোট তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে ৫০ হাজার ভোটে জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

এই নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং প্রবীণ নেতা সুব্রত বক্সী।

৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফোটো কর্নারটি বসানোর পর থেকেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পথচারীরাও উৎসাহের সঙ্গে সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নন্দীগ্রামের পর এবার নিজের গড় ভবানীপুরেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ে কোনো ফাঁক রাখতে চাইছে না তৃণমূল শিবির।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language