পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের নির্বাচন: ৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি

কলকাতা, ২৭ এপ্রিল – ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা তিন দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই স্থবিরতা আগামী বৃহস্পতিবার ভোর পর্যন্ত বলবৎ থাকবে। তবে এই সময়ে অতি পচনশীল পণ্য এবং জরুরি চিকিৎসার জন্য পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশে এ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় সকল ধরনের পণ্যবাহী ট্রাকের চলাচল স্বাভাবিক হবে। বাংলাদেশে অবস্থানরত পশ্চিমবঙ্গের ভোটাররা এই সময়ে নিজ দেশে ফিরে ভোট প্রদান করতে পারবেন।

এদিকে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, সীমান্ত বাণিজ্য সাময়িকভাবে বন্ধ থাকলেও কাস্টমস হাউজ ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম অন্যান্য দিনের মতোই চালু থাকবে। ভারত থেকে কোনো পচনশীল পণ্যের চালান এলে তা দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে। পাসপোর্টধারী যাত্রীদের ক্ষেত্রে শুধুমাত্র জরুরি চিকিৎসার প্রয়োজন থাকলে যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language