পশ্চিমবঙ্গ নির্বাচন: রেকর্ড ভোট ও বুথফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

কলকাতা, ২৯ এপ্রিল – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২০১১ সালের রেকর্ড ভেঙে এবারের নির্বাচনে ঐতিহাসিক ভোটদানের হার লক্ষ্য করা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেষ এক ঘণ্টায় ভোটদানের হার দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৯৯ শতাংশ, যা প্রথম দফার ৮৯ দশমিক ৯৩ শতাংশকেও ছাড়িয়ে গেছে।
বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও রাজনৈতিক অঙ্গনে এখন মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচনী ফলাফল। বিশেষ করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কি তাদের গড় রক্ষা করতে পারবে নাকি ভারতীয় জনতা পার্টি বিজেপি রাজ্যে নতুন ইতিহাস গড়বে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ বা এক্সিট পোল এই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এ পর্যন্ত প্রকাশিত ছয়টি প্রধান জরিপ সংস্থার মধ্যে চারটি সংস্থাই রাজ্যে বিজেপির সরকার গঠনের ইঙ্গিত দিয়েছে। তবে জনমত পোল এবং পিপলস পালস তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয়ের আভাস দিয়েছে।
জনমত পোল এর মতে মমতা ব্যানার্জির দল ১৯৫ থেকে ২০৫টি আসন পেতে পারে এবং বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন।
অন্যদিকে পিপলস পালস তৃণমূলকে ১৭৭ থেকে ১৭৮টি আসনে জয়ী হিসেবে দেখছে। বিপরীতে প্রজা পোল বিজেপিকে ১৭৮ থেকে ২০৮টি আসনে জয়ের পূর্বাভাস দিয়েছে।
পি-মার্ক এর সমীক্ষা অনুযায়ী বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। এছাড়া ম্যাট্রিজ, পোল ডায়েরি এবং চাণক্য স্ট্র্যাটেজিস তাদের পূর্বাভাসে বিজেপিকে ম্যাজিক ফিগার ১৪৮ অতিক্রম করার দৌড়ে এগিয়ে রেখেছে।
২৯৪ আসন বিশিষ্ট এই বিধানসভায় ক্ষমতার মসনদে বসতে যে কোনো দলকে অন্তত ১৪৮টি আসনে জয়লাভ করতে হবে। চূড়ান্ত ফলাফল জানার জন্য আগামী ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এনএন/ ২৯ এপ্রিল ২০২৬









