শিক্ষা

জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

ঢাকা, ২৯ মার্চ – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঠিকানা পরিবহনের ছয়টি বাস আটক করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার রাত আনুমানিক নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেট সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে এসব বাস আটকে দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মামুন। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী।

জানা যায় সন্ধ্যা পৌনে আটটার দিকে বিশমাইল এলাকা থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন ওই শিক্ষার্থী। পরে ডেইরি গেটে নামতে চাইলে বাসের সহকারী তার সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে ওই শিক্ষার্থীর হাঁটু ও হাত মারাত্মকভাবে জখম হয়।

ঘটনার বিষয়ে ঠিকানা পরিবহনের এক কর্মী জানান তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং জড়িত বাস সহকারীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম। তিনি জানান ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিচারের দাবিতে আটকে রাখা বাসগুলোর চাবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রক্টর আরও জানান ঠিকানা পরিবহনসহ অন্যান্য কর্তৃপক্ষকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু চালক ও সহকারীদের এমন বেপরোয়া আচরণ কিছুতেই বন্ধ হচ্ছে না। বর্তমানে বাস মালিক পক্ষকে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language