বাগেরহাট

চিতলমারীতে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা

বাগেরহাট, ২৬ মার্চ – বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে প্রবেশ করে আমির হামজা নামের এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন এবং পাশাপাশি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।

পুলিশ এবং নিহতের স্বজনদের দেওয়া তথ্যমতে, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এমন সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ছয়জন যুবক বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে ধাওয়া করে। আত্মরক্ষার্থে আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যান। সেখানে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করার পর দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনিদের শনাক্ত ও গ্রেফতারে জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই এবং জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল একযোগে কাজ শুরু করেছে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language