বাগেরহাট

বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে শেষ কুমিরটি অপসারণ

বাগেরহাট, ৩ জুন – বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞরা দিঘির পাশের একটি ছোট পুকুর থেকে কুমিরটিকে আটক করেন। পরবর্তীতে কুমিরটির হাত পা ও চোখ বেঁধে বন বিভাগের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন সকাল থেকেই বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর সেটিকে ধরার প্রক্রিয়া শুরু হয়। দুপুর ১২টার দিকে খাবারের প্রলোভন দেখিয়ে কুমিরটিকে নিরাপদ দূরত্বে এনে বেঁধে ফেলা হয়।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন জানান, পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার কথা চিন্তা করে দিঘি থেকে কুমিরটি অপসারণ করা হয়েছে। আপাতত এটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে। ভবিষ্যতে এই কুমিরটির বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা পরবর্তী সময়ে জানানো হবে।

এনএন/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language