চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ, ৬ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রাম, ২৩ মার্চ – চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ, এনএসআই এবং কাস্টমস কর্মকর্তাদের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব সিগারেটের বিপরীতে প্রায় ছয় লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে সালাম এয়ারের একটি ফ্লাইটে করে আতিকুর রহমান নামে এক যাত্রী মাস্কাট থেকে চট্টগ্রামে পৌঁছান।

গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স ও এনএসআইয়ের যৌথ দল ওই যাত্রীর ওপর নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে তার ব্যাগেজ তল্লাশি করা হলে ভেতরে বিপুল পরিমাণ এই বিদেশি সিগারেট পাওয়া যায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, অভিযুক্ত যাত্রী আতিকুর রহমানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

প্রচলিত নিয়ম অনুযায়ী তার কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেটগুলো ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে ওই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধ করতে বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে।

এস এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button