জাতীয়

শপথ শেষে প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভার, ১৭ ফেব্রুয়ারি – শপথ গ্রহণের পর নিজের প্রথম কর্মদিবসেই অত্যন্ত ব্যস্ত সময় পার করতে যাচ্ছেন দেশের একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিনি দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন।

এরপর বিকালে সচিবালয়ে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বা সচিবদের সঙ্গেও তার বৈঠকে বসার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার চ্যানেল টোয়েন্টিফোর অনলাইনের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। মঙ্গলবার বিকেলের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান।

প্রধানমন্ত্রীর শপথের পর নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো এবং প্রায় দুই যুগ পর বিএনপি নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করল। উল্লেখ্য যে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং দলটির জোট সঙ্গীরা তিনটি আসনে জয়ী হয়।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language