ইসরায়েলগামী ব্রিটিশ সামরিক সরঞ্জাম জব্দ করল বেলজিয়াম

ব্রাসেলস, ১৬ এপ্রিল – ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে নিজেদের আকাশসীমা বা বিমানবন্দর ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বেলজিয়াম সরকার। এই পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো সামরিক সরঞ্জামের দুটি বড় চালান জব্দ করেছে ব্রাসেলস কর্তৃপক্ষ।
মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৩ মার্চ ব্রিটেন থেকে রওনা হওয়া চালান দুটি ২৪ মার্চ বেলজিয়ামের লিঁয়জ বিমানবন্দরে যাত্রাবিরতি করলে তা আটকে দেওয়া হয়। বেলজিয়াম সরকার আগেই ঘোষণা দিয়েছিল যে ইসরায়েলগামী কোনো সামরিক সরঞ্জাম বহনকারী বিমানকে তারা তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না।
জব্দকৃত চালানগুলো পরীক্ষা করে ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং সামরিক বিমানের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ পাওয়া গেছে। রপ্তানি দলিলে এগুলোকে সাধারণ এয়ারক্রাফট কম্পোনেন্ট বা বেসামরিক উড়োজাহাজের সরঞ্জাম হিসেবে উল্লেখ করা হয়েছিল। মূলত ট্রানজিট লাইসেন্স এড়াতেই এই তথ্য গোপন করা হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
এই ঘটনায় বেলজিয়ামের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।
দক্ষিণ বেলজিয়ামের ওয়্যালুন আঞ্চলিক সরকার জানিয়েছে যে এর পেছনে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা মুগ যাদের কারখানা যুক্তরাজ্যে অবস্থিত।
অনুসন্ধানে দেখা গেছে যে মুগ কোম্পানি থেকে অন্তত ১৭টি চালান একইভাবে যুক্তরাজ্য থেকে লিঁয়জ বিমানবন্দর হয়ে ইসরায়েলে পাঠানো হয়েছে। মূলত ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত এম ৩৪৬ বিমানের যন্ত্রাংশ তৈরিতে এই কোম্পানিটি যুক্ত।
বেলজিয়াম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পণ্যগুলোর জন্য কোনো ট্রানজিট লাইসেন্সের আবেদন করা হয়নি। আবেদন করা হলেও বর্তমান নীতির আলোকে তা প্রত্যাখ্যান করা হতো। তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে বেলজিয়াম হয়ে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
গাজায় মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি থাকায় যুক্তরাজ্য আগে কিছু লাইসেন্স স্থগিত করলেও এই ঘটনা তাদের রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে।
এনএন/ ১৬ এপ্রিল ২০২৬









