দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত?

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেটের সোনার ভরি কমে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায় নেমেছে, যা সোমবার (১৬ ফেব্রুয়ারি) ছিল ২ লাখ ৬১ হাজার টাকা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।
এদিকে, বিশ্ব বাজারে সোনার দাম নিম্নমুখী রয়েছে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৯৫৮ ডলার, যা আগের দিন ৫ হাজার ৪০ ডলার ছিল।
এর আগে গত ৩০ জানুয়ারি সোনার দাম ৫ হাজার ২০০ ডলার ছিল এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছেছিল।
গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বেড়ে গিয়েছিল। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস ভালো মানের এক ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করেছিল। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল এবং একধাপে এতটা বৃদ্ধি আগে কখনো হয়নি।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









