জাতীয়

প্রথমবার এক আসনে জিতে সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – প্রতিষ্ঠার পর এবার প্রথমবারের মতো এক আসনে জিতে সংসদে যাচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতসহ সমমনা কয়েকটি দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও গণভোট আলাদা দিনে করার দাবিতে একসঙ্গে যুগপৎ আন্দোলনে নামে। পরে তারা জোট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আসন বণ্টন নিয়ে ইসলামী আন্দোলন ও জামায়াতের মধ্যে টানাপড়েন তৈরি হয়। শেষ পর্যন্ত চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ২৫৮টি আসনে প্রার্থী দেয়। এর মধ্যে বরগুনা-১ আসনে দলটির প্রার্থী মো. অলি উল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলে প্রতিষ্ঠার পর প্রথমবার সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছে দলটি।

ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জন্ম হয়। ১৯৮৭ সালের ১৩ মার্চ দলটির সূচনা হয়েছিল। পরে মতভেদ ও বিভক্তির কারণে এটি পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে আলাদা রাজনৈতিক দলে পরিণত হয়। ১৯৯১ সাল থেকে দলটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে সক্রিয় হয়। ২০০৮ সালে নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং তখন থেকেই দলটির প্রতীক হাতপাখা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিয়ে ২৫৮টি আসনে প্রার্থী দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে বরিশাল-৫ ও ৬ আসনে নির্বাচন করেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তবে তিনি দুটি আসনেই বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন।

বরিশাল নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল-৫ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলীয় প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট, আর মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।

বরিশাল-৬ আসনেও বিএনপি প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জমাতে পারেননি ফয়জুল করীম। এ আসনের ১১৩টি কেন্দ্রের ফলে দেখা গেছে, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। দ্বিতীয় হয়েছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি, তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। মুফতি ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।

দেশের অন্য আসনগুলোতেও দলটির প্রার্থী ছিল, তবে বেসরকারিভাবে জয় পেয়েছেন কেবল মো. অলি উল্লাহ। তিনি বরগুনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেখানে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটে হারান।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language