হাসনাত আব্দুল্লাহকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানালো জাতীয় যুবশক্তি

ঢাকা, ১৫ এপ্রিল – কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় যুবশক্তি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো এক বার্তায় এই প্রতিবাদের কথা জানানো হয়।
বার্তায় জানানো হয়, হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন, যিনি অতীতে ২০১০ ও ২০১৫ সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন এবং খালেদা জিয়ার জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছেন। তখন কোনো ধরনের প্রতিবাদ না হলেও আজ তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর মব সন্ত্রাস চালানো স্পষ্ট দ্বিচারিতা ও রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।
জাতীয় যুবশক্তি মনে করে, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তা কখনোই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এছাড়া সব রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বানও জানিয়েছে এনসিপির এই যুব সংগঠন।
এনএন/ ১৫ এপ্রিল ২০২৬









