কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারীর মৃত্যু ও ৪০টি ঘর ভস্মীভূত

উখিয়া, ১৩ ফেব্রুয়ারি – কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় সোনা বানু নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন এবং আগুনে অন্তত ৪০টি বসতঘর বা শেড পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ৫ ও ই ১৪ ব্লকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা বাসিন্দারা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ক্যাম্প সূত্রে জানা গেছে গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। জীবন বাঁচাতে ছোটাছুটির সময় ভিড়ের চাপে ও ধস্তাধস্তিতে গুরুতর আহত হন সোনা বানু এবং পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ই ১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানিয়েছেন আগুনে প্রায় ৪০টি ঝুপড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language