ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কঠোর নিরাপত্তা ও প্রযুক্তির ব্যবহার: আইজিপি

পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টার, ১০ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি বাহারুল আলম এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। আইজিপি জানান যে সারাদেশে বিয়াল্লিশ হাজারেরও বেশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ তিন ধরণের নিরাপত্তা ব্যবস্থা বা টায়ার বজায় রাখবে।
এই নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে প্রতিটি কেন্দ্রে স্থির বা স্ট্যাটিক ফোর্স এবং ভ্রাম্যমান বা মোবাইল টিম ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং টিম। তিনি আরও উল্লেখ করেন যে এবার ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৮০ থেকে ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এ ছাড়া পুলিশ সুপাররা তাদের সক্ষমতা ও প্রয়োজন অনুযায়ী ড্রোন ক্যামেরাও ব্যবহার করবেন। পুলিশ প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচনী নিরাপত্তায় পুলিশের মোট ১ লাখ ৫৭ হাজার ৮০৫ জন সদস্য সরাসরি নিয়োজিত থাকবেন। এর মধ্যে কেন্দ্রে স্থির ফোর্স হিসেবে ৯৩ হাজার ৩৯১ জন সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সহায়তাকারী হিসেবে আরও ২৯ হাজার ৭৯৮ জন পুলিশ সদস্য থাকবেন।
সব মিলিয়ে নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে লাইসেন্সকৃত অস্ত্র জমা নেওয়া হয়েছে এবং এই কার্যক্রমের আওতায় মোট ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা পড়েছে। আইজিপি জানান নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী ও বিজিবি এবং প্রায় ৬ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন এবং মো. আকরাম হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









