এশিয়া

ইরান সংশ্লিষ্টতায় চীনা ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞার হুমকি, বেইজিংয়ের কড়া বার্তা

বেইজিং, ১৬ এপ্রিল – ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে দুটি চীনা ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকগুলো কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোও জিয়াকুন এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো একতরফা নিষেধাজ্ঞা বেইজিং মেনে নেবে না।

তিনি চীনা ব্যাংকের ওপর এই তথাকথিত সেকেন্ডারি স্যাংশন আরোপের হুমকির নিন্দা জানান এবং একে অবৈধ হিসেবে অভিহিত করেন। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেনট জানান, সন্দেহভাজন দুটি চীনা ব্যাংককে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে, ইরানের অর্থ লেনদেনের প্রমাণ মিললে যুক্তরাষ্ট্র সেকেন্ডারি স্যাংশন কার্যকর করতে প্রস্তুত। বেসেনট আরও উল্লেখ করেন যে, চীন এর আগে ইরানের উৎপাদিত তেলের ৯০ শতাংশেরও বেশি ক্রয় করত, যা দেশটির মোট জ্বালানি চাহিদার প্রায় ৮ শতাংশ।

বর্তমানে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের কারণে এই সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের পাশাপাশি দেশটির তেল শিল্পের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে।

এস এম/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language