জাতীয়

রমেশ সেনকে শেষবারের মতো দেখতে বাসায় মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ৮ ফেব্রুয়ারি – ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার রুহিয়ার বাসভবনে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে উপস্থিত হয়ে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।

রাজনৈতিক প্রতিপক্ষ হলেও দীর্ঘদিনের সহকর্মীকে শেষবারের মতো দেখতে গিয়ে আবেগাপ্লুত পরিবেশের সৃষ্টি হয়। বাসা থেকে বিদায়ের আগে মির্জা ফখরুল গণমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও, এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় রমেশ চন্দ্র সেনের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে দলমত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে।

এর আগে শনিবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা সূত্র জানায়, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর ওয়াশরুমে গিয়ে গোসলের প্রস্তুতিকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ আগস্ট রাতে নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। হত্যাসহ একাধিক মামলায় তিনি প্রথমে ঠাকুরগাঁও এবং পরবর্তীতে দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। ১৯৪০ সালে জন্মগ্রহণকারী এই প্রবীণ রাজনীতিবিদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language