ক্রিকেট

নাহিদ রানার পাঁচ উইকেট ও তামিমের হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

ঢাকা, ২০ এপ্রিল – নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কিউইদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এক এক ব্যবধানে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিং এবং তানজিদ হাসান তামিমের দায়িত্বশীল হাফসেঞ্চুরি এই জয়ের প্রধান কারিগর।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে নাহিদ রানার গতির ঝড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

কিউইদের পক্ষে নিক কেলি সর্বোচ্চ ৮৩ রান করেন। নাহিদ রানা মাত্র ৩২ রান দিয়ে একাই ৫টি উইকেট শিকার করে নিউজিল্যান্ডের ব্যাটিং ধসিয়ে দেন। কিউইদের ইনিংস শেষ হয় ১৯৮ রানে।

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম দুটি এবং তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ওপেনার সাইফ হাসান ও পরে সৌম্য সরকারের উইকেট হারায়। তবে অন্য প্রান্তে তানজিদ হাসান তামিম ছিলেন আক্রমণাত্মক। তিনি ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। নাজমুল হোসেন শান্ত ৭১ বলে ৫০ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

শেষ দিকে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৩০ ও মেহেদী হাসান মিরাজের ৮ রানে ভর করে ৩৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। কিউইদের পক্ষে জেইডেন লেনক্স দুটি উইকেট নেন।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language