ইরানে মার্কিন হামলা হলে দেশটিকে রক্ষায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

ইরান, ৮ ফেব্রুয়ারি – ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে দেশটিকে রক্ষা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন হাজার হাজার ইরাকি নাগরিক।
এ বিষয়ে ইতোমধ্যে হাজার হাজার মানুষ একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। ইরাকের দিয়ালা প্রদেশে শনিবার অন্তত পাঁচ হাজার মানুষ সমবেত হয়ে এই ঘোষণা দেন। তাঁরা জানিয়েছেন যে প্রতিবেশী দেশ ইরান এবং তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে রক্ষা করতে তাঁরা বিনা পারিশ্রমিকেই কাজ করতে প্রস্তুত।
বিবৃতিতে তাঁরা নিজেদের প্রস্তুতি ঘোষণা করে বলেন যে ইরাকের নিরাপত্তা বাহিনী এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফকে সহায়তা করার জন্য তাঁরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন। একইসঙ্গে ইসলামী প্রজাতন্ত্রে মার্কিন হস্তক্ষেপকে তাঁরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার মধ্যেই ইরাকের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে এমন ঘোষণা এল।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে অতর্কিত হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। অন্যদিকে ইসরায়েলও ইঙ্গিত দিয়েছে যে ট্রাম্প ইরানে সরকার পতন ও হামলার পরিকল্পনা করছেন। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের উপকূলীয় জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরীগুলো অবস্থান করছে এবং ইসরায়েল যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









