মধ্যপ্রাচ্য

পারস্য উপসাগরে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের কঠোর হুঁশিয়ারি

তেহরান, ১৫ এপ্রিল – পারস্য উপসাগর এবং ওমান সাগরে সামুদ্রিক বাণিজ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি বুধবার এক বিবৃতিতে বলেন, মার্কিন নৌ বাহিনী যদি তাদের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যায় এবং ইরানি বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এই কমান্ডার আরও উল্লেখ করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতির সৃষ্টি হলে ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং লোহিত সাগরে যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে পারে।

জেনারেল আবদুল্লাহি মার্কিন বাহিনীকে আক্রমণকারী হিসেবে অভিহিত করে বলেন, জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষায় ইরানের সেনাবাহিনী যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। মূলত এই বার্তার মাধ্যমে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তাদের বাণিজ্যিক স্বার্থে আঘাত আসলে তারা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য পথের নিরাপত্তা সম্পূর্ণ অচল করে দেওয়ার সামর্থ্য রাখে।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language