লোহিত সাগর বন্ধের হুঁশিয়ারি দিল ইরান: বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা

তেহরান, ১৫ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবার লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে।
বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি এই তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করে তবে তা যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি পূর্বসূচনা হিসেবে গণ্য হবে। এমন পরিস্থিতিতে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই অঞ্চলে কোনো ধরনের আমদানি বা রপ্তানি কার্যক্রম চলতে দেবে না।
সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা ইরানি জাহাজের ওপর মার্কিন অবরোধ কার্যকরের পর এই হুমকি এল। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
সোমবার জ্বালানি বাজার খোলার সাথে সাথেই ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য ৭.৫ শতাংশ বেড়ে ১০২.৩৭ ডলারে পৌঁছায়।
তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আয়ারল্যান্ডের মতো দেশগুলো তেলের ওপর কর কমানোর জরুরি পরিকল্পনা করছে।
এনএন/ ১৫ এপ্রিল ২০২৬









