জাতীয়

কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণে সংসদে এমপি হাসনাত আবদুল্লাহর আবেগঘন আকুতি

ঢাকা, ১৫ এপ্রিল – কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি সড়কটি দ্রুত প্রশস্ত করার জোর দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন যে, এই মহাসড়কের বেহাল দশার কারণে এটি বর্তমানে একটি মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। কেবল চলতি মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে তিনি জানান।

এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে দীর্ঘ এক দশক ধরে প্রশাসনিক জটিলতার কথা বলা হচ্ছে। অথচ লাইন অব ক্রেডিটের আওতায় এই মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফিট প্রশস্ত।

জনরোষের মুখে পড়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, এই রাস্তাটি অন্তত ১০ লক্ষ মানুষের প্রাণ রক্ষা করতে পারে। তাই জনগণের নিরাপত্তার স্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার ও প্রশস্ত করার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং প্রকল্প বাস্তবায়নের জন্য জোরালো অনুরোধ জানান।

এনএন/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language