জাতীয়

ভোটে নাশকতা রোধে রোহিঙ্গা ক্যাম্প সম্পূর্ণ অবরুদ্ধ রাখার নির্দেশ ইসির

কক্সবাজার, ৫ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য নাশকতা এড়াতে ভোটের দিন রোহিঙ্গা ক্যাম্পগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন বা আইসোলেটেড রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি। ইসির নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের দিন ক্যাম্প থেকে কোনো রোহিঙ্গা সদস্য বাইরে বের হতে পারবেন না এবং ক্যাম্পের ভেতরেও সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

ইসি সূত্রে জানা যায়, উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে আরসা (ARSA) ও আরএসও (RSO)-এর মতো সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং অবৈধ অস্ত্রের মজুদের বিষয়ে গোয়েন্দা সতর্কতা রয়েছে। প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় রোহিঙ্গাদের ব্যবহার, অর্থের বিনিময়ে জাল ভোট প্রদান কিংবা প্রতিপক্ষকে দমনে তাদের ব্যবহার করতে পারে—এমন আশঙ্কা থেকেই এই আগাম সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকি মোকাবিলায় বালুখালী, লেদা ও নয়াপাড়ার মতো ক্যাম্পসংলগ্ন বড় বাজারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে এবং এনজিও কর্মীদের যাতায়াতও সীমিত করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা রোধে বিশেষ নজরদারি ও ক্যাম্পের ইমাম-মাঝিদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পগুলোতে ভ্রাম্যমাণ আদালত ও পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য মাঠে থাকবেন। এছাড়া ভোটগ্রহণে প্রায় ৮ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language