জাতীয়

এলপি গ্যাসের ভ্যাট ও আগাম কর কমানোর সিদ্ধান্ত, দাম কমবে বাজারে

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – এলপি গ্যাসের ওপর থেকে ভ্যাট কমানোর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এই পদক্ষেপের ফলে দেশের বাজারে এলপিজির দাম হ্রাস পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর পরিবর্তে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত হয়েছে।

সরকারের এই উদ্যোগের ফলে এলপি গ্যাসের ওপর সামগ্রিক করভার কিছুটা হলেও লাঘব হবে। এর ইতিবাচক প্রভাব পড়বে স্থানীয় বাজারে এবং গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language