আইন-আদালত

শেখ হাসিনা ও টিউলিপসহ ৩৬ জনের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ

ঢাকা,, ২ ফেব্রুয়ারি – রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ৩৬ জনের বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে

। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করবেন বলে জানা গেছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধ উপায়ে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে করা এই পৃথক দুটি মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ উভয় মামলায় ১৮ জন করে মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ১৮ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে শেখ হাসিনা, টিউলিপ ও রাদওয়ানের মামলার রায় ঘোষণার জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। অন্যদিকে গত ১৩ জানুয়ারি অপর একটি মামলায় যুক্তি উপস্থাপন শেষে একই আদালত রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন। মামলার নথিপত্র থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

এছাড়া একই অভিযোগে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ তদন্তকারী কর্মকর্তারা আদালতে ১৮ জন করে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বিচার চলাকালে এক মামলায় ২৮ জন এবং অন্যটিতে ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এই মামলা দুটিতে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

এস এ এস/ ২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language