যুক্তরাষ্ট্র পরমাণু হামলা চালালে সমপরিমাণ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

তেহরান, ১৯ আগস্ট – যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পদক্ষেপ নেয়, তবে তেহরানও সমপরিমাণ শক্তিতে তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা।
বুধবার ইরানের স্থানীয় সংবাদমাধ্যম খবর অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালেকি। সাক্ষাৎকারে মালেকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠকারী পদক্ষেপ নিতে পারেন এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে তিনি এমন সাহস দেখাবেন বলে মনে হয় না, কারণ এটি বিশ্বকে একটি চরম বিপজ্জনক যুদ্ধের দিকে ঠেলে দেবে।
তিনি স্পষ্টভাবে জানান, ওয়াশিংটন যে ধরনের অস্ত্র ব্যবহার করবে, তেহরানও ঠিক সেই ধরনের অস্ত্র দিয়েই পাল্টা আঘাত করবে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও মালেকি সতর্ক করে দেন যে ইরানের হাতে অনেক বিকল্প ব্যবস্থা রয়েছে।
তিনি উল্লেখ করেন, ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই বরং সক্রিয় ও আক্রমণাত্মক প্রতিরোধ নীতি গ্রহণ করেছে। দেশটির অনেক সামরিক সক্ষমতা ও গোপন অস্ত্রশস্ত্র এখনো জনসমক্ষে আনা হয়নি।
স্থবির হয়ে পড়া দ্বিপাক্ষিক আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ওয়াশিংটন তার পূর্ববর্তী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় আলোচনা বন্ধ রয়েছে। যতক্ষণ না যুক্তরাষ্ট্র আগের প্রতিশ্রুতিগুলো মানবে, ততক্ষণ ইরান আর আলোচনায় ফিরবে না।
এছাড়া ওমানের মধ্যস্থতায় দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে সেখানে যুক্তরাষ্ট্রের কোনো অংশগ্রহণ কাম্য নয়। গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালিসহ নানা বিষয়ে মতবিরোধ দেখা দেয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
এনএন/ ১৯ আগস্ট ২০২৬









