জাতীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

ঢাকা, ২৮ জানুয়ারি – বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩১২, যার ফলে শহরের বাতাস এখন দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কায়রো, যার স্কোর ২৪০। তৃতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ২২০। চতুর্থ অবস্থানে কাবুলের স্কোর ২১৮ এবং পঞ্চম স্থানে থাকা কলকাতার স্কোর ২০৪।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক সূচক প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে ধরা হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে সেটিকে দুর্যোগপূর্ণ অবস্থা হিসেবে গণ্য করা হয়।

এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language