বিচারপতিদের প্রতি মমতার আহ্বান, সংবিধান ও গণতন্ত্র রক্ষা করুন

কলকাতা, ১৮ জানুয়ারি – সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে সংবিধান ও গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ছাড়াও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও অনুষ্ঠানে অংশ নেন।
বিচারপতিদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সংবিধানকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হবে। গণতন্ত্রকেও রক্ষা করতে হবে। ইতিহাস, ভূগোল ও সীমান্ত যেন সুরক্ষিত থাকে, সে বিষয়েও নজর দিতে হবে।
এজেন্সি প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, এখন মানুষের ভাবমূর্তি নষ্ট করাই যেন ট্রেন্ড হয়ে গেছে। কিছু এজেন্সি ইচ্ছাকৃতভাবে মানুষকে অপমান করছে। তিনি বলেন, দয়া করে মানুষকে বাঁচান।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি নিজের জন্য নয়, গণতন্ত্রকে বাঁচানোর জন্য বলছি। মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আমরা আপনাদের কাস্টডিতে আছি। আপনারাই রক্ষা করুন। কেউ আপনাদের ঊর্ধ্বে নয়।
রাজ্যের বিচারব্যবস্থার সাফল্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করা হয়েছে। এর মধ্যে ৫২টি নারীদের জন্য, ৭টি পসকো কোর্ট, ৮টি লেবার কোর্ট এবং ১৯টি মানবাধিকার আদালত রয়েছে। এসব স্থাপনে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
উল্লেখ্য, জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনটি ৪০ দশমিক ৮ একর জমির ওপর নির্মিত হয়েছে। সেখানে বিচারপতিদের থাকার জন্য ৮০টি কক্ষ ও বাংলো রয়েছে। পাশাপাশি এই চত্বরে আরও ছয়টি আদালতও স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের উপস্থিতিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬









