মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ফের ইরানের হাতে, বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তার শঙ্কা

তেহরান, ১৮ এপ্রিল – মার্কিন নৌ-অবরোধের প্রতিবাদে আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে ইরান। বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় ইরান এই নতুন কড়াকড়ি আরোপ করল। এর ফলে বিশ্ব বাণিজ্য এবং জ্বালানি তেলের আন্তর্জাতিক সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার দুপুরে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হরমুজ প্রণালি এখন থেকে পুনরায় পূর্বের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে আইআরজিসি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সামুদ্রিক ডাকাতি বা জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে। ওয়াশিংটনের আরোপিত এই অবরোধ মূলত আন্তর্জাতিক সমুদ্রপথে লুটপাটের শামিল বলে তারা দাবি করছে। এর আগে শুক্রবার লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছিলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই নৌপথ খুলে দেওয়া হয়েছে। তবে তিনি নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট রুট অনুসরণের নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু ইরানের এই ঘোষণার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে। ট্রাম্পের এমন অবস্থানের প্রেক্ষিতে ইরান পুনরায় তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয়। মাঝখানের স্বল্প সময়ে কিছু জাহাজ এই জলপথ ব্যবহার করলেও ঠিক কতগুলো জাহাজ নিরাপদে পার হতে পেরেছে তা এখনো নিশ্চিত নয়। এই পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তেজনার দিকে মোড় নিল।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language