জাতীয়

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫২ জন

স্বাস্থ্য সংবাদ

ঢাকা, ৩ সেপ্টেম্বর – দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে এক হাজার ২৫২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৫৪ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজন শিশু এবং বাকিরা প্রাপ্তবয়স্ক।

চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারানো ১১১ জনের মধ্যে ৬১ জন নারী এবং ৫০ জন পুরুষ। নারী মৃত্যুর হার ৫৫ শতাংশ এবং পুরুষের হার ৪৫ শতাংশ।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৭ জন, উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৬ জন এবং সিটির বাইরে ৩ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া খুলনায় ১৯ জন, ময়মনসিংহে ১২ জন, বরিশালে ১০ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ৪ জন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

এনএন/ ৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button