আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নথি তলব করল দুদক

ঢাকা, ৩ সেপ্টেম্বর – সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়োগ, পদোন্নতি ও বদলিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চার ধরনের নথিপত্র তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এই চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চাহিদাকৃত তথ্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা ও উপ-পরিচালক মো. জাহিদ কালাম এই চিঠিতে স্বাক্ষর করেছেন।
দুদকের পক্ষ থেকে যেসব নথিপত্র চাওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে সম্পাদিত সকল নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত নথিপত্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দিষ্ট স্মারকমূলে বদলি সংক্রান্ত সত্যায়িত ছায়ালিপি। এ ছাড়া ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব প্রদান ও বাতিল সংক্রান্ত নথিপত্র এবং ঢাকা, বগুড়া, বরিশাল, পাবনা, ধামরাই ও নরসিংদী জেলায় কর্মরত নির্দিষ্ট কয়েকজন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ব্যক্তিগত নথিও তলব করা হয়েছে।
সাবেক উপদেষ্টা ছাড়াও সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন ও উপ-সচিব মো. মাসুম আহমেদসহ বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অভিযোগের সূত্রে জানা গেছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব প্রদান ও নতুন পদে পদায়নের মাধ্যমে প্রায় ৭৬ লাখ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এ ছাড়া দেড় শতাধিক সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার নামে ১ কোটি ৫০ লাখ টাকা এবং পছন্দসই স্থানে পদায়নের জন্য আরও ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
তবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে এই সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে পদোন্নতি প্রক্রিয়ায় তিনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলেন না এবং এই প্রক্রিয়াটি সচিবের মাধ্যমে সম্পাদিত হয়। তদন্তের স্বার্থে যেকোনো তথ্য সরবরাহ করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।
এনএন/ ৩ সেপ্টেম্বর ২০২৬







