ব্রাহ্মণবাড়িয়া

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ব্রাহ্মণবাড়িয়া, ১৫ জানুয়ারি – ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সামাউন (২০) ও আব্দুর রহমান (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে তারা ভৈরবের দিকে যাচ্ছিলেন। সোনারামপুর সেতুর ওপর একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ ভৈরবে নিয়ে যান।

হাটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language