শিক্ষা

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস-এজিএসসহ শীর্ষ পদে জয়

ঢাকা, ০৮ জানুয়ারি – জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ শীর্ষ পদগুলোতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে তারা প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ কে পরাজিত করে স্পষ্ট আধিপত্য প্রতিষ্ঠা করে।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসুর ৩৯টি কেন্দ্রের ফলাফল একত্র করে নির্বাচন কমিশনাররা চূড়ান্ত ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ পদে রিয়াজুল ইসলামের বিজয় ব্যবধান ৮৭৬ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পায় শিবির সমর্থিত প্যানেল। এ পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পান ২ হাজার ২০৩ ভোট। ফলে ৩ হাজার ২৬৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আরিফ।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা বিজয়ী হন। তিনি পেয়েছেন ৫ হাজার ২ ভোট, আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। এখানে মাসুদ রানা জয়ী হয়েছেন ১ হাজার ৫৮ ভোটের ব্যবধানে।

এ ছাড়া ভিপি, জিএস ও এজিএসের পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ পদেও ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা জয়ী হওয়ায় জকসুতে তাদের সংখ্যাগরিষ্ঠতা ও প্রভাব স্পষ্ট হয়েছে।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। ভোট গণনার শুরুতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শিবির সমর্থিত প্যানেল একচেটিয়া আধিপত্য বিস্তার করে বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করে।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language