এসএসসি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ: পরীক্ষার্থী ও পরিদর্শকদের জন্য কঠোর নির্দেশনা

ঢাকা, ১৫ এপ্রিল – আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা। এ উপলক্ষে সম্প্রতি পরীক্ষা পরিচালনাসংক্রান্ত বিশেষ নীতিমালা ২০২৬ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই নীতিমালায় পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষা পরিচালনার বিস্তারিত নিয়মাবলি এবং কেন্দ্রসচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালায় স্পষ্ট করা হয়েছে যে স্বাক্ষরলিপিতে পরীক্ষার্থীর সঠিক বিষয় উল্লেখ করে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে অনুপস্থিত বা বহিষ্কৃত হলে স্বাক্ষরলিপিতে তা লাল কালিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং কক্ষ প্রত্যবেক্ষককে সেখানে স্বাক্ষর করতে হবে। কোনো কক্ষ প্রত্যবেক্ষকের গাফিলতি বা ভুলের কারণে যদি পরীক্ষার্থীর ফল প্রকাশে কোনো বিঘ্ন ঘটে, তবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মানুযায়ী কোনো পরীক্ষার্থী কক্ষ প্রত্যবেক্ষককে কিছু জিজ্ঞাসা করতে চাইলে নিজ আসনে দাঁড়িয়ে থাকতে হবে এবং অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই আসন ত্যাগ করা যাবে না।
এছাড়া বহিষ্কৃত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ কোনোভাবেই আলাদা করা যাবে না। কক্ষ প্রত্যবেক্ষকরা হল সুপারের অনুমতি ছাড়া কক্ষ ত্যাগ করতে পারবেন না এবং পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা সংক্রান্ত নির্দেশনার বাইরে অন্য কোনো কথা বলতে পারবেন না। পরীক্ষা শেষে সকল উত্তরপত্র সংগ্রহ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনো পরীক্ষার্থী খাতা জমা না দিয়ে বাইরে যেতে না পারে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই নির্দেশনাগুলো কঠোরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে।
এস এম/ ১৫ এপ্রিল ২০২৬









