জাতীয়

মিথেন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ

ঢাকা, ০৭ জানুয়ারি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কৃষি ও প্রাণিসম্পদ খাতে সৃষ্ট মিথেনসহ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে বাংলাদেশ কার্যকর ও বাস্তবসম্মত গবেষণালব্ধ সমাধান হাতে রেখেছে। এসব পদ্ধতি মাঠপর্যায়ে বাস্তবায়ন করা গেলে স্বল্প নিঃসরণকারী দেশ হয়েও দায়িত্বশীলভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) ‘আইওটি বেইজড ৪এফ (4F) মডেল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের খরা-প্রবণ ও উপকূলীয় অঞ্চলে টেকসই জলবায়ু সহিষ্ণু প্রাণিসম্পদ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার ও ‘৪এফ মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, জলবায়ু ট্রাস্ট ফান্ডের সহায়তায় বিএলআরআই যে ৪এফ মডেলভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করছে, তার মাধ্যমে ঘাস থেকে পশুখাদ্য, খাদ্য, জ্বালানি (বায়োগ্যাস) ও জৈবসার উৎপাদন সম্ভব হবে। ক্ষুদ্র কৃষক পর্যায়ে বাস্তবায়নযোগ্য এই মডেল একদিকে মিথেন নিঃসরণ কমাবে, অন্যদিকে কৃষকের আয় ও জীবনমান উন্নত করবে।

বিদেশ থেকে মাংস আমদানির প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, স্বল্পমূল্যে বিদেশি মাংস আমদানিতে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং এতে স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। শিল্পপণ্য হিসেবে উৎপাদিত মাংস নয়, বরং দেশীয় পরিবেশে অভিযোজিত গবাদিপশু উন্নয়নেই অগ্রাধিকার দেওয়া উচিত।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতে মৌলিক ও নীতিগত সংস্কার প্রয়োজন। এ লক্ষ্যে নেওয়া পরিকল্পনাগুলোর সুফল অদূর ভবিষ্যতেই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএলআরআই’র মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি-উল-হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ খায়রুল বাশার।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language