অন্টারিওতে ড্রাইভিং পরীক্ষায় বাংলা ভাষার অন্তর্ভুক্তি একটি ঐতিহাসিক অর্জন
নজরুল মিন্টো

কানাডার বাংলাভাষীদের জন্য এটি এক বিরাট সুসংবাদ! কেবল কানাডা নয়, সমগ্র বিশ্বের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্যও এটি এক ঐতিহাসিক অর্জন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার অন্যতম প্রদেশ অন্টারিওতে এখন থেকে G1 শিক্ষানবিশ ড্রাইভিং পরীক্ষা বাংলা ভাষায়ও দেওয়া যাবে। এই অর্জন সম্ভব হয়েছে স্কারবরো সাউথওয়েস্টের প্রাদেশিক সংসদ সদস্য (MPP) ডলি বেগমের নিরলস প্রচেষ্টা ও নেতৃত্বের ফলস্বরূপ। তিনি দীর্ঘদিন ধরে কমিউনিটির ভাষাগত প্রতিবন্ধকতা ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরেছেন এবং এই বাস্তব প্রয়োজনীয়তা নিয়ে অবিরাম কাজ করেছেন।
আমরা ডলি বেগম ও অন্টারিও সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই এই দূরদর্শী পদক্ষেপের জন্য। এই উদ্যোগ প্রমাণ করে, অন্টারিও তার নাগরিকদের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যকে সম্মান করে এবং সেই বৈচিত্র্যের মধ্য দিয়েই অন্তর্ভুক্তি, নিরাপত্তা ও সমতার নীতি বাস্তবায়ন করতে চায়।

তবে উল্লেখ করা জরুরি যে, রাস্তার চিহ্ন, ট্রাফিক নির্দেশনা এবং G2 ও পূর্ণাঙ্গ G ড্রাইভিং পরীক্ষার জন্য ইংরেজি ভাষার জ্ঞান এখনও অপরিহার্য। কারণ এগুলো বাস্তব সড়ক ব্যবস্থার অংশ, যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও নির্দেশনার সঠিক অর্থ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্টারিও কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ এবং এটি দেশের অন্যতম বহুভাষিক ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় সমাজ হিসেবে পরিচিত। এখানে ২০০টিরও বেশি ভাষায় মানুষ কথা বলে এবং প্রায় অর্ধেকেরও বেশি নাগরিকের মাতৃভাষা ইংরেজি বা ফরাসি নয়। এই ভাষাগত বৈচিত্র্যই অন্টারিও সরকারের নীতি ও কর্মপদ্ধতিতে সরাসরি প্রভাব ফেলে, বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, সামাজিক সেবা এবং নাগরিক অধিকার সংশ্লিষ্ট ক্ষেত্রে।
সরকারি কাজে ইংরেজি ও ফরাসি ভাষা বাধ্যতামূলক হলেও, তৃতীয় বা বিকল্প ভাষায় সেবা প্রদান এখন প্রশাসনের মানবিক বাস্তবতা ও নাগরিক অধিকারের প্রশ্নে পরিণত হয়েছে। কারণ ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি বোঝাপড়া, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের মূলভিত্তি। যে নাগরিক নিজের ভাষায় সরকারি আইন, নীতি বা নির্দেশনা বুঝতে পারেন, তিনি সেই সেবার সঠিক প্রয়োগ করতে সক্ষম হন। এই কারণেই অন্টারিওর স্বাস্থ্য, সামাজিক সেবা, আইন, শিক্ষা এবং পরিবহন বিভাগে ক্রমে বহুভাষিক সেবা চালু হয়েছে। এর উদ্দেশ্য একটাই; ভাষাগত প্রতিবন্ধকতা যেন নাগরিকের অধিকার, নিরাপত্তা বা সুযোগের পথে বাধা না হয়।
G1 জ্ঞানমূলক পরীক্ষা একটি তত্ত্বভিত্তিক পরীক্ষা, যা মূলত শেখা ও বোঝার ক্ষমতার ওপর নির্ভর করে। অনেক পরীক্ষার্থী “ভিজ্যুয়েল লার্নার” বা দৃশ্যভিত্তিক শিক্ষার্থী, যারা ভাষার তুলনায় ছবি, চিহ্ন ও রঙের মাধ্যমে বিষয়বস্তু সহজে বুঝে নেন। মাতৃভাষায় প্রশ্নপত্র পেলে তারা আরও কার্যকরভাবে নিয়ম ও প্রতীকের অর্থ আয়ত্ত করতে পারেন। এর ফলে তারা শুধু মুখস্থ উত্তর মুখে না দিয়ে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জন করেন।
অন্টারিওতে এর আগে থেকেই চীনা, আরবি, পোলিশ, স্প্যানিশ, তামিল, ফারসি ও উর্দুসহ মোট ৩২টি ভাষায় এই পরীক্ষা নেওয়ার সুযোগ ছিল। নতুন করে বাংলার সংযোজন সেই দীর্ঘদিনের চর্চারই একটি যৌক্তিক সম্প্রসারণ, যা প্রদেশটির প্রায় ৩ লাখ বাংলা ভাষাভাষী অধিবাসীর জন্য সুনির্দিষ্ট স্বীকৃতি ও সম্মান বয়ে এনেছে।

অন্টারিওর বহু সরকারি ও জনসেবামূলক দফতর ইতিমধ্যেই ইংরেজি ও ফরাসির পাশাপাশি বিভিন্ন ভাষায় সেবা প্রদান করছে।
যেমন:
ServiceOntario ও 311 Toronto ১৩০টিরও বেশি ভাষায় টেলিফোন ইন্টারপ্রেটেশন ও অনুবাদ সেবা প্রদান করে।
Ministry of Health এবং স্থানীয় Public Health Units আরবি, চীনা, তামিল, স্প্যানিশ, উর্দু ও সোমালি ভাষায় স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সরবরাহ করে।
Community Legal Education Ontario (CLEO) ১০টিরও বেশি ভাষায় আইন ও সামাজিক সহায়তার গাইড প্রকাশ করে, যার মধ্যে আরবি, উর্দু, তুর্কি, তামিল, স্প্যানিশ ও চীনা অন্তর্ভুক্ত।
ConnexOntario মানসিক স্বাস্থ্য ও আসক্তি সংক্রান্ত সহায়তা ১৩০টিরও বেশি ভাষায় প্রদান করে।
Tribunals Ontario আদালত ও প্রশাসনিক শুনানিতে ইংরেজি ও ফরাসির পাশাপাশি অনুবাদ সেবা দেয়।
এছাড়া পুলিশের বিভিন্ন কমিউনিটি সার্ভিস ইউনিটেও ইংরেজি ও ফরাসির পাশাপাশি অন্য ভাষায় সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এই সব বহুভাষিক সেবা শুধু সেবা প্রাপ্তি সহজ করে না, নাগরিকদের মধ্যে একধরনের বিশ্বাস, সম্মান ও অন্তর্ভুক্তির অনুভূতিও সৃষ্টি করে। এতে প্রত্যেকেই উপলব্ধি করেন যে তারা এই সমাজের সমান অংশীদার।

বাংলা ভাষার অন্তর্ভুক্তি শুধুমাত্র ড্রাইভিং পরীক্ষায় সীমাবদ্ধ না থেকে আরও বিস্তৃত হোক—এই আমাদের প্রত্যাশা। আমরা চাই, ভবিষ্যতে নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতেও বাংলা ভাষা অন্তর্ভুক্ত হোক, যেমন সিটিজেনশিপ পরীক্ষার বুকলেট, নারী অধিকার ও নারী নির্যাতন প্রতিরোধ নির্দেশিকা, বাড়িভাড়া ও ভাড়াটিয়া আইন বিষয়ক তথ্যপুস্তিকা, শিশু সুরক্ষা, সামাজিক সহায়তা গাইড, পুলিশ সেবা এবং সরকারি জনসচেতনতামূলক ক্যাম্পেইনের অনুবাদ।
আরবি, উর্দু, হিন্দি ও চীনা ভাষাভাষীদের মতো বাংলা ভাষাভাষী নাগরিকেরাও যেন একই মর্যাদা ও সুবিধা পান, সেটাই আমাদের প্রত্যাশা। কারণ ভাষার অন্তর্ভুক্তি মানেই নাগরিকের অন্তর্ভুক্তি। অন্টারিও যে মানবিক ও বাস্তববাদী পথে এগোচ্ছে, সেটিই তার প্রগতিশীলতার সবচেয়ে উজ্জ্বল নিদর্শন।
বাংলা ভাষার স্বীকৃতি কেবল একটি পরীক্ষার বিষয় নয়। এটি অভিবাসী নাগরিকদের আত্মপরিচয়, নিরাপত্তা ও সমাজে অংশগ্রহণের স্বীকৃতি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই উদ্যোগ অন্টারিওকে আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক এবং মানবিক প্রদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে, যেখানে প্রতিটি ভাষা ও প্রতিটি কণ্ঠ সমানভাবে মূল্যবান।









