
গত ১৩ অক্টোবরের সন্ধ্যায় লন্ডন যেন নতুন সাজে সেজে উঠেছিল। শরতের মৃদু শীতে টেমসের ধারে বাতাসে ভাসছিল উৎসবের আভাস। চারপাশে ঝলমলে আলোয় মুখর ওয়েস্টমিন্সটার এলাকা। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাঁচতারকা ম্যারিয়ট হোটেলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন অতিথিরা; কেউ লন্ডন থেকে, কেউ ম্যানচেস্টার, বার্মিংহাম কিংবা গ্লাসগো থেকে আগত রেস্তোরাঁ উদ্যোক্তা, শেফ ও ব্যবসায়ী। অভ্যর্থনা কক্ষ ইতিমধ্যেই ভরে উঠেছে হাসি, করমর্দন আর পরিচিত মুখের আনন্দময় কথোপকথনে। সেই সন্ধ্যা ছিল যুক্তরাজ্যের রেস্তোরাঁ শিল্পের বার্ষিক গৌরবের উৎসব—কারি লাইফ অ্যাওয়ার্ড অ্যান্ড গালা ডিনার ২০২৫। এটি শুধু একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়, বরং ব্রিটিশ কারি শিল্পে বাংলাদেশিদের অবদান ও সাফল্যের সম্মিলিত উদযাপন, যার আয়োজন করে আসছে খ্যাতনামা কারি লাইফ ম্যাগাজিন।
বাংলাদেশিদের রেস্তোরাঁ ব্যবসার ইতিহাস এই দেশে নির্মিত হয়েছিল বহু আগেই। পূর্ব লন্ডনের সরু গলিতে, জীর্ণ রান্নাঘরে, নিভৃত রাতজাগায়, থালা বাসনের শব্দে, একটি নতুন জীবনের প্রতিশ্রুতি জন্ম নিচ্ছিল। সমুদ্রের ওপার থেকে আসা মানুষগুলো নিজেদের ভাষা, অভ্যাস আর স্মৃতির সঙ্গে এনে দিয়েছিলেন খাবারের স্বাদ, আতিথেয়তার সৌন্দর্য এবং অতিথিকে আপন করে নেওয়ার এক সহজ কৌশল। ধীরে ধীরে সেই অনাড়ম্বর ছোট রেস্তোরাঁই হয়ে উঠল প্রজন্মের টিকে থাকার ভরসা। শিশুরা স্কুলে গেল, বিশ্ববিদ্যালয়ে পড়ল, ব্যবসায় নতুন বুদ্ধি যোগ করল। আর খাবারকে নিল এক বৃহত্তর সাংস্কৃতিক মানচিত্রের ভিতরে। ব্রিটিশ সমাজ এ খাবারকে দেখল কেবল এক দেশীয় রান্না হিসেবে নয়, দেখল মিলনমেলার একটি ভাষা হিসেবে। এই দৃশ্যমান পরিবর্তনের মধ্যে বাংলাদেশিরা নিজেদের শ্রমকে মর্যাদায় পরিণত করলেন।

এই ইতিহাস লিপিবদ্ধ করা এবং তার সাফল্য উদযাপনের প্রয়াস থেকেই ২০০৩ সালে জন্ম নেয় কারি লাইফ ম্যাগাজিন। দুই সহোদর, সৈয়দ নাহাস পাশা এবং সৈয়দ বেলাল আহমদ, বুঝেছিলেন যে একটি শিল্প টিকে থাকে শুধু চুলা জ্বালিয়ে নয়, তার সঙ্গে প্রয়োজন বক্তব্য রাখার একটি মঞ্চ, যেখানে নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং গ্রাহক সবাই শুনতে পায় একে অন্যের কথা। ম্যাগাজিনটি সেই সেতু হয়ে ওঠে। রান্নাঘরের ঘাম, হলরুমের আলোর নকশা, সরবরাহ সংকট, নতুন মেনুর পরীক্ষা, রাঁধুনির প্রশিক্ষণ, ব্যবসার পরিসংখ্যান, কর নীতির জটিলতা, সব কিছুকে তারা অন্তর্ভুক্ত করেন একটি ধারাবাহিক আলাপে। এরপর ২০০৯ সালে শুরু হয় কারি লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার। লক্ষ্য স্পষ্ট, যারা নিরলস পরিশ্রমে শিল্পটিকে গড়ে তুলেছেন, যারা নতুন উদ্ভাবনে ব্যবসাকে এগিয়ে দিয়েছেন, যারা গ্রাহকের হৃদয়ে আস্থা তৈরি করেছেন, তাদের হাতে স্বীকৃতির দীপ জ্বেলে দেওয়া।
চলতি বছরের আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ, হাউস অব লর্ডসের সদস্য, সংসদ সদস্য, মন্ত্রী, বিভিন্ন কাউন্সিলের দায়িত্বশীলরা, পাশাপাশি যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে আসা রেস্তোরাঁ উদ্যোক্তা, শেফ, তরুণ ব্যবস্থাপক এবং খাবারপ্রেমী মানুষ। উপস্থাপনায় ছিলেন আইটিএনের সুপরিচিত সংবাদকর্মী নিনা হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি এবং সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী স্টেফানি পিকক এমপি। অতিথিদের সারিতে ছিলেন লর্ড করন বিলিমোরিয়া, কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট এবং কোবরা বিয়ারের প্রতিষ্ঠাতা, ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রুশনারা আলী, আরও ছিলেন ওয়েন্ডি মোর্টন, মাইক উড এবং বেন ওবেজি জেকটি এমপি। ভিড়ের মধ্যে যাদের চোখে পড়ছিল সর্বাধিক, তারা মূলত রেস্তোরাঁ শিল্পের মেরুদণ্ড, যারা দিন শেষে সংসারের হিসাব মিলিয়ে, আবার ভোরে দোকানের শাটার তুলে দাঁড়ান।
সন্ধ্যার সবচেয়ে আবেগঘন মুহূর্তটি এল যখন ঘোষণা করা হলো এই বছরের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। নাম উচ্চারিত হতে না হতেই হলরুমে এক ধরনের নীরবতা নেমে এল, তারপর উচ্ছ্বাসে ভরে উঠল চারধার। সম্মাননা পেলেন আমিন আলী। সিলেটের নবীগঞ্জের জালালপুর গ্রাম থেকে উঠে আসা এই মানুষটি মাত্র কুড়ি বছর বয়সে যুক্তরাজ্যে পা রাখেন। দীর্ঘ ধৈর্য আর শৃঙ্খলা দিয়ে ১৯৮৩ সালে গড়ে তোলেন লন্ডনের সোহো এলাকায় রেড ফোর্ট রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্ট শিগগিরই হয়ে ওঠে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনের প্রাণের ঠিকানা।

বহু বরেণ্য রাজনীতিক, মন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং গর্ডন ব্রাউন, দেশটির শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকেরা সেখানে নিয়মিত যেতেন। টনি ব্লেয়ারের মেয়ের জন্মদিনও উদযাপিত হয়েছিল রেড ফোর্টে। শুধু রাজনীতিক নয়, শিল্পী, অভিনেতা, প্রযুক্তিবিদ, স্টিভ জবস থেকে শুরু করে ব্রুস উইলিস, সংগীত শিল্পী টিনা টার্নার, আন্তর্জাতিক ব্যান্ড বন জোভি এবং লিঙ্কিন পার্ক, কত জন যে সেখানে আসন নিয়েছেন তার হিসাব রাখা দায়। এই জনপ্রিয়তার পেছনে শুধু সুস্বাদু খাবার ছিল না, ছিল আস্থার নিশ্চয়তা। অতিথির মর্যাদা ও গোপনীয়তা রক্ষার এক দৃঢ় নৈতিকতার ভিত, যা আমিন আলীর ব্যক্তিত্বের সঙ্গে মিশে একটি প্রতিষ্ঠানিক চরিত্র গড়ে তোলে।
স্বাস্থ্যগত কারণে আমিন আলী আজ অনেকটা আড়ালে। তবু তার নাম উচ্চারিত হলে এখনও যে শ্রদ্ধার ঢেউ ওঠে, তা এই শিল্পের সামাজিক মর্যাদা বোঝায়। সাবেক ব্রিটিশ মন্ত্রী কীথ ভাজ সেই সন্ধ্যায় এক ভিডিও বার্তায় বললেন, আমিন আলী যুক্তরাজ্যে বাংলাদেশের প্রকৃত প্রতিনিধি। এই কথা শুধু প্রশংসা নয়, এটি অভিবাসী একটি সম্প্রদায়ের প্রতি মূলধারার স্বীকৃতি।
আমিন আলী যখন পুরস্কার হাতে নেন, তখন তাঁর কণ্ঠে আবেগ মিশ্রিত কৃতজ্ঞতা—“এই সম্মান আমার জীবনের এক বড় প্রাপ্তি। আমি এটি উৎসর্গ করছি যুক্তরাজ্যের সব বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্যোক্তাদের, যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই শিল্পকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন।”
অনুষ্ঠানের শুরুতে ‘কারি লাইফ’ ম্যাগাজিনের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা সূচনা বক্তব্যে বলেন, “নানা চ্যালেঞ্জ স্বত্বেও যুক্তরাজ্যের কারি শিল্পে সফলতার গল্পও অনেক। কারি শিল্প সংশ্লিষ্টদের মূখপাত্র হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কারি লাইফ ম্যাগাজিন। যার ধারাবাহিকতায় কারি শিল্পের সাফল্য উদযাপনে কারি লাইফ এওয়ার্ডের এই ১৬তম আয়োজন। তিনি বলেন, উপকরণের মূল্য বৃদ্ধি, সরকারী করারোপ এবং কর্মী সংকটসহ রেস্তোরাঁ সেক্টরের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কারি লাইফ ম্যাগাজিন ইন্ডাস্ট্রির কণ্ঠস্বর হিসেবে কাজ চালিয়ে যাবে।”
কারি লাইফ ম্যাগাজিনের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ বলেন, “এই এওয়ার্ড আয়োজনের অন্যতম একটি লক্ষ্য হলো সফলতার গল্পগুলোকে তুলে ধরা, পুরষ্কৃত করা। কারি কিংবদন্তি আমিন আলীর গল্প অনেককে অনুপ্রাণিত করবে উল্লেখ করে তিনি বলেন, রেস্তোরাঁ পরিচালনা কেবল ব্যবসা নয়; এর মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে প্রভাব বিস্তার সম্ভব। আমিন আলী সেটি দেখিয়ে দিয়েছেন।”
অতিথিদের মধ্যে লর্ড করন বিলিমোরিয়া মূল্যায়ন করলেন কারি শিল্পের অর্থনৈতিক অবদান, যা ব্রিটিশ অর্থনীতিতে কর্মসংস্থান এবং টার্নওভারের বড় একটি অংশ যোগ করে চলেছে। তাদের কথায় কথায় স্পষ্ট হয়ে উঠল, খাবার এখানে কেবল এক টেবিলের আশ্রয় নয়, এটি রাষ্ট্র ও সমাজের পরস্পর নির্ভরতার একটি নতুন পাঠ।
এরপর শুরু হয় পুরস্কার প্রদান। বিভিন্ন ক্যাটাগরিতে মোট উনচল্লিশটি পুরস্কার প্রদান করা হয়। বিচার প্রক্রিয়ায় ছিল গ্রাহকদের ভোট এবং কঠোর মূল্যায়ন। এই পদ্ধতি সম্মাননার সঙ্গে আস্থার একটি দিগন্ত খুলে দেয়। এই বছর সবচেয়ে আকর্ষণীয় বিভাগ বেস্ট নিউকামার অব দ্য ইয়ার। পুরস্কার পেল কেন্টের সোয়ানলী এলাকার ‘দ্য বোম্বে’। মাত্র ছয় মাসে রেস্টুরেন্টটি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে খাবারের মান, পরিবেশনা এবং নান্দনিক সাজসজ্জার জন্য। নতুন উদ্যোক্তাদের জন্য এটি এক অনন্য বার্তা, সাহস নিয়ে শুরু করলে সময়কে নিজের পক্ষে আনা যায়।

বেস্ট রেস্টুরেন্ট অব দ্য ইয়ার বিভাগে পুরস্কৃত হলো একাধিক প্রতিষ্ঠান। ব্রাইটনের ‘জুমুন রেস্টুরেন্ট’, অরপিংটনের ‘দ্য বোম্বে’, উইনচেস্টারের ‘রিমঝিম’, লিমিংটনের রিভাজ, কিমবোল্টন স্পাইস, সাডবারি নর্থ স্ট্রিটের জিলানি ম্যাজেস্টিক, ডরসেটের ব্রিডপোর্ট এলাকার ‘দ্য সুন্দরবন’, স্কটল্যান্ডের মিডলোথিয়ান জেলার ‘দ্য রাঁধুনি’, চেশায়ারের কংলেটনের ‘ইস্ট ৩৬০’, ব্রাডফোর্ড স্টিকার লেইনের ‘ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট’, নিউয়ার্কের ‘আশিয়ানা ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি রেস্টুরেন্ট’, লিডসের হ্যালটন এলাকার ‘স্পাইস হাউস’, এসেক্সের কোলচেস্টারের ‘রিম ঝিম স্পাইস’, ডার্বিশায়ারের গ্লোচপ এলাকার ‘রুচি ইন্ডিয়ান রেস্টুরেন্ট’, ওয়ালসলের অ্যালড্রিজের ‘অরা ইন্ডিয়ান কুইজিন’, স্টাফোর্ডশায়ারের লীকের ‘চেন্নাই ইন্ডিয়ান কুইজিন’ এবং বার্মিংহামের ব্রিস্টল রোড সাউথের ‘সাফ্রন লাউঞ্জ’। শহর বদলে যায়, কাউন্টি বদলায়, কিন্তু প্রতিটি নামের ভিতরে একটিই সুর, মানসম্মত খাবার এবং নিষ্ঠাবান সেবা।

বেস্ট কারি শেফ অব দ্য ইয়ার বিভাগে স্বীকৃতি পেলেন যাঁরা স্বাদের জাদুতে প্রতিদিন নতুন গল্প লিখছেন। ওয়েস্ট মিডল্যান্ডস থেকে টেলফোর্ডের ‘ভিলেজ স্পাইস টেইকঅ্যাওয়ে’, স্ট্রোক-অন-ট্রেন্টের ‘আলি’স কিচেন’, রোচেস্টারের ‘নাজ’স রসই’, রিকম্যান্সওয়ার্থের ‘বোম্বে কিচেন’, লেমিংটন স্পার ‘বোম্বে রেস্টুরেন্ট’, উলভারহেম্পটনের ‘উমবোর্ন তান্দুরি’, স্কটল্যান্ডের ডালকিথের ‘ইতিহাস রেস্টুরেন্ট’, বার্কশায়ারের নিউবেরির ‘কারি কেইভ’ এবং লন্ডনের মাশওয়েল হিলের ‘টেস্ট অব নওয়াব’। তাদের দক্ষ হাতের রান্না কোনও অঞ্চলের গণ্ডিতে আটকে থাকে না, ব্রিটেনের প্রতিটি শহরে তারা একটি অন্তরঙ্গতার ভাষা তৈরি করেছেন, যেখানে পরিবার, বন্ধু আর আনন্দ এক টেবিলে বসে কথা বলে।

বেস্ট টেকঅ্যাওয়ে অব দ্য ইয়ার বিভাগে স্বীকৃতি পেল নিউপোর্টের ‘দ্য হাংরি এলিফ্যান্ট’, রাগবির বিল্টন রোডের ‘ইন্ডিয়ান কুইন টেকঅ্যাওয়ে’ এবং স্ট্রোক-অন-ট্রেন্টের ব্লাইথ ব্রিজ এলাকার ‘আলি’স স্পাইস’। এ ধরনের প্রতিষ্ঠানই আসলে আধুনিক শহুরে জীবনের সঙ্গে কারি সংস্কৃতির যোগসূত্র টেনে দেয়। ব্যস্ত মানুষের হাতে সময় কম, কিন্তু প্রিয় স্বাদটি তারা ঘরে নিয়ে যেতে চান। এই টেকঅ্যাওয়ে সেবা সেই প্রয়োজনকে মর্যাদার সঙ্গে পূরণ করে।
এবারের আয়োজনে সম্পাদকমণ্ডলীর বিশেষ পছন্দ বিভাগের পুরস্কার পেয়েছে আরও কিছু রেস্টুরেন্ট। কোলচেস্টারের ‘কেলভেডন স্পাইস’, লেস্টারের হোয়াট অ্যা শট, কেন্টের স্ট্রুড এলাকার নাজ’স রসই, ফ্রোডশামের হেলসবির জুনুন এবং কার্ডিফের রিওবিনা এলাকার ‘যুবরাজ’। এই তালিকাগুলো শিল্পের বহুমাত্রিকতা দেখায়। একই দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন সম্প্রদায়, বিভিন্ন শহরের ভৌগোলিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সব কিছুকে মিলিয়ে নিজস্ব পরিচয়ে দাঁড়াতে পেরেছে উপমহাদেশীয় খাবার। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্রিটিশ খাদ্যাভ্যাসের নতুন বোধ, যেখানে স্থানীয় সরবরাহ ব্যবস্থা, নতুন উপকরণের ব্যবহার এবং স্বাস্থ্য সচেতনতার সমন্বয় দেখা যায়।

এই সব অর্জনের পেছনে যারা আছেন, তারা কেবল ভালো রাঁধুনি বা দক্ষ ব্যবস্থাপক নন। তারা একই সঙ্গে সমাজসেবী, সংস্কৃতির দূত এবং কখনও কখনও রাজনৈতিক প্রভাবের অংশ। রেস্তোরাঁ হলো যোগাযোগের একটি জীবন্ত পরিসর। নির্বাচনের সময় এখানে আসেন প্রার্থীরা, নীতি ঘোষণার আগে এখানে বসে আলোচনার প্রস্তুতি নেন সচিবরা, নতুন প্রজন্মের উদ্যোক্তারা এখানে শিখে নেন কীভাবে একটি দলকে সঙ্গে নিয়ে দীর্ঘদিনের পথ হাঁটা যায়। এই কারণে কারি লাইফ অ্যাওয়ার্ড কোনো স্বল্পস্থায়ী উচ্ছ্বাস নয়। এটি শিল্পের ধারাবাহিক বিকাশকে দৃশ্যমান করে। যারা পুরস্কার পাননি, তাৈজরাও এই বড় পরিবারের অংশ। তারা জানেন, আজকের করতালি কালকের পরিশ্রমের অনুপ্রেরণা।
এ শিল্প চ্যালেঞ্জের মুখোমুখি বারবার। ব্রেক্সিটের পরে ভিসা এবং কর্মী নীতিতে পরিবর্তন এসেছে। দক্ষ শেফ পাওয়া কঠিন হয়েছে। কর নীতির চাপ বেড়েছে। খাদ্য সরবরাহের চেইনে অস্থিরতা দেখা দিয়েছে। তবুও প্রজন্ম বদলাচ্ছে। তরুণ উদ্যোক্তারা ডিজিটাল অর্ডারিং, ক্লাউড কিচেন, স্মার্ট ইনভেন্টরি, তথ্যভিত্তিক বিপণন এবং ব্র্যান্ড নির্মাণের নতুন অভিযাত্রা শুরু করেছেন। আগে যেখানে সব চিন্তা ছিল টেবিল পূরণ করা, এখন ভাবনা ছড়িয়ে পড়েছে গ্রাহকের যাত্রাপথে। অনলাইন রিভিউ, সামাজিক যোগাযোগমাধ্যম, কমিউনিটি ইভেন্ট, স্থানীয় স্কুল বা ক্লাবের সঙ্গে অংশীদারিত্ব, এই সবই যুক্ত হয়েছে ব্যবসার পাঠ্যসূচিতে। ফলে রেস্তোরাঁ আর কেবল খাবারের জায়গা নয়, এটি হয়ে উঠেছে এলাকার মানুষের সমাগমস্থল, যেখানে গল্প বিনিময় হয়, সংস্কৃতি হাত বদল করে, আর শিশুদের চোখে ভেসে ওঠে নিজস্ব পরিচয়ের গর্ব।

এই প্রক্রিয়ায় কারি লাইফ ম্যাগাজিনের ভূমিকা মনে রাখা জরুরি। তারা বছরে বছর উদ্যোক্তাদের কণ্ঠ তুলে ধরে। কোথায় কর নীতিতে সমস্যা, কোথায় প্রশিক্ষণের ঘাটতি, কোথায় খাদ্য নিরাপত্তা বিষয়ে আরও সচেতনতার প্রয়োজন, এসব প্রশ্নের উত্তর খোঁজে তারা। এই চেষ্টা শিল্পটিকে অভ্যন্তরীণভাবে সুসংগঠিত করে। একটি সেক্টর যখন নিজের ভাষা তৈরি করে, তখনই সে টেকসই উন্নয়নের পথে খুঁজে পায় নিজের ঠিকানা। কারি লাইফ সেই ভাষা তৈরির কাজ করে যাচ্ছে। তাদের আয়োজনে যে ঐক্যের দৃশ্য দেখা যায়, সেটি নিছক সৌজন্য বিনিময় নয়, বরং ভবিষ্যৎ গঠনের জন্য প্রয়োজনীয় সহমর্মিতা এবং নেটওয়ার্কের অনুশীলন।

অনুষ্ঠান শেষে যাঁরা পুরস্কার হাতে মঞ্চ থেকে নামলেন, তাঁদের চোখে-মুখে দেখা গেল এক গভীর তৃপ্তি ও দায়িত্ববোধের আভা। মনে হচ্ছিল, এই স্বীকৃতি কেবল আনন্দ নয়, বরং আগামী দিনের আরও বড় পথচলার প্রেরণা। অরপিংটনের দ্য বোম্বে রেস্টুরেন্টের উদ্যোক্তা শাজাহান মিয়া অনুভূতি প্রকাশ করতে গিয়ে বললেন, “আমাদের কাজের প্রকৃত স্বীকৃতিই এই পুরস্কার। এটি আমাদের দলের পরিশ্রমকে সম্মানিত করেছে।” লন্ডনের টেস্ট অব নওয়াবের স্বত্বাধিকারী আব্দুল রহমান বললেন, “এই সম্মান শুধু আমাদের নয়, এটি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রতীক।” তাঁদের কথায় ছিল না বাহুল্য বা প্রদর্শন, ছিল এক নিভৃত গর্বের দীপ্তি। গ্রাহকের ভালোবাসাই যে ব্যবসার সর্বোচ্চ পুরস্কার, সেই বিশ্বাসই তাঁদের সাফল্যের মাপকাঠি। আর এই স্বীকৃতিই তাঁদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা হয়ে থাকবে।
যুক্তরাজ্যে বাংলাদেশিদের রেস্তোরাঁ শিল্প আজ যে অবস্থানে, তা কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয়। এটি এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের হাত ধরাধরি করে এগিয়ে চলার গল্প। কেউ রাত জেগে তন্দুরে রুটি সেঁকেছেন, কেউ বাজারের শেষ ট্রলি টেনে এনেছেন, কেউ হিসাব মেলাতে বসেছেন, কেউ অর্ডারের ফাঁকে সন্তানকে গণিত শিখিয়েছেন। এইসব ক্ষুদ্র ক্ষুদ্র দৈনন্দিনতায় গড়ে উঠেছে একটি বৃহৎ সামাজিক বিন্যাস। কারি লাইফ অ্যাওয়ার্ড সেই বিন্যাসের ওপর আলো ফেলে। আলো নিভে গেলে যেমন অন্ধকার আসে না, বরং চোখ অভ্যস্ত হয়ে ওঠে, তেমনি এই আয়োজন শেষ হলেও তার প্রভাব ছড়িয়ে পড়ে পরবর্তী দিনগুলোতে। নতুন উদ্যোক্তা সাহস পান, পুরোনো ব্যবসা নবায়নের পরিকল্পনা করে, গ্রাহকরা আবার ভরসা পায় যে প্রিয় রেস্টুরেন্টটি তাদের কাছেই আছে।

লন্ডনের সেই রাতে যারা উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকে এক একটি গল্প নিয়ে বাড়ি ফিরেছেন। কারও গল্পে একটি নতুন মেনু তৈরির সঙ্কল্প, কারও গল্পে আরও প্রশিক্ষণ দিয়ে দলের মান বাড়ানোর পরিকল্পনা। কেউ হয়তো সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় স্কুলের সঙ্গে অংশীদার হয়ে শিশুদের জন্য একটি স্বাস্থ্যবান্ধব রান্না কর্মশালা করবেন। এইসব ছোট ছোট সিদ্ধান্তই আগামী দিনের বড় পরিবর্তনের ভিত্তি। নতুন প্রজন্ম যখন দেখবে তাদের বাবা বা মা কেবল একটি রেস্তোরাঁ নয়, একটি সম্প্রদায়ের সম্মান রক্ষা করছেন, তখন তাদের চোখেও জন্ম নেবে নেতৃত্বের আকাঙ্ক্ষা।
এইভাবে একটি শিল্প সমাজের আত্মার অংশ হয়ে ওঠে। একদিন সোহোর একটি রেস্টুরেন্ট থেকে যে গল্প শুরু হয়েছিল, আজ তা পৌঁছেছে ওয়েস্টমিন্সটারের মহাসভায়। আমিন আলীর নাম উচ্চারিত হলে যে করতালির ঢেউ ওঠে, সেটি কেবল একজন মানুষের প্রতি শ্রদ্ধা নয়, এটি একটি জাতিসত্তার অধ্যবসায়ের স্বীকৃতি। কারি লাইফ ম্যাগাজিন যে আলো জ্বেলে দিয়েছে, সেটি তাই নিছক উৎসবের অলংকার নয়, এটি পথ দেখানোর প্রদীপ। আর যারা পুরস্কার পেলেন, তারা এই প্রদীপ হাতে নিয়ে হাঁটবেন সামনে, পরের প্রজন্মের পথে পথচিহ্ন রেখে যাবেন।









