আফগানিস্তানের হামলার নিন্দায় পাকিস্তানের প্রধানমন্ত্রী, কঠোর জবাবের হুঁশিয়ারি

ইসলামাবাদ, ১৩ অক্টোবর – আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় শনিবার গভীর রাতে পাকিস্তানি সেনাদের ওপর হামলার ঘটনা ঘটে। এর নিন্দা জানিয়ে রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনও আপস করা হবে না। প্রতিটি উসকানির জবাব কঠোর ও কার্যকরভাবে দেওয়া হবে।”
তিনি আরও অভিযোগ করেন, আফগানিস্তানের তালেবান প্রশাসন তাদের দেশের মাটি সন্ত্রাসীদেরকে ব্যবহার করতে দিচ্ছে। সম্প্রতি দুই দেশের সীমান্তে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে।
আফগানিস্তানের উত্তরে সীমান্তের পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানোর দায় স্বীকার করেছে তালেবান সরকার। তাদের দাবি, পাকিস্তান বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে আকাশ হামলা চালিয়েছিল। এর প্রতিশোধ নিতে তারা পাল্টা অভিযান চালায়।
এদিকে, পাকিস্তানি সেনারা আফগানিস্তানের রাজধানী কাবুলে আকাশপথে হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকেই বর্তমান সংঘর্ষের সূচনা বলে মনে করা হচ্ছে।
গত কয়েক মাস ধরে আফগান-পাকিস্তান সীমান্তে সক্রিয় রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানের অভিযোগ, টিটিপি-কে আশ্রয় ও মদদ দিচ্ছে আফগানিস্তান।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সর্বশেষ সংঘর্ষের পর রোববার পাকিস্তান সীমান্ত পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে।
শেহবাজ শরিফ বলেন, ইসলামাবাদ বারবার কাবুলকে তথ্য দিয়েছে আফগান মাটি থেকে যারা পাকিস্তানে হামলা চালায় তাদের বিষয়ে। তিনি আশা প্রকাশ করেন, আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে হামলায় সন্ত্রাসীদের তাদের মাটি ব্যবহার করতে দেবে না।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৩ অক্টোবর ২০২৫









