সম্পাদকের পাতা

মোরাভিয়ার হৃদয়ে এক ঐতিহ্যবাহী আধুনিক নগরী ব্রনো

নজরুল মিন্টো

ইউরোপের মানচিত্রে মধ্যভাগে অবস্থিত এক মনোমুগ্ধকর শহরের নাম ব্রনো (Brno)। চেক প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্ব অংশে মোরাভিয়া অঞ্চলের রাজধানী এই শহরটি ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও আধুনিক জীবনযাত্রার অনন্য সমন্বয়। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং মধ্য ইউরোপের এক অন্যতম সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। সমৃদ্ধ স্থাপত্য, শিক্ষার প্রাণকেন্দ্র, নদীর তীরবর্তী সৌন্দর্য আর বহুজাতিক অভিবাসী জীবনের ছোঁয়ায় ব্রনো আজ এক আন্তর্জাতিক নগরী হিসেবে পরিচিত।

ব্রনো শহরটি স্ভ্রাতকা (Svratka) ও স্বিটাভা (Svitava) নদীর মিলনস্থলে অবস্থিত, যা শহরটিকে দিয়েছে এক বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য। প্রাগ থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে ব্রনোর অবস্থান এটিকে করে তুলেছে এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ভৌগোলিকভাবে এটি সমুদ্র থেকে দূরে হলেও পার্শ্ববর্তী পাহাড়, বনভূমি ও হ্রদ শহরের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। শহরের কাছাকাছি অবস্থিত Brno Reservoir স্থানীয়দের কাছে বিনোদন ও জলক্রীড়ার জনপ্রিয় কেন্দ্র। এছাড়াও, আশপাশের প্রাকৃতিক উদ্যান ও পাহাড়ি এলাকা ভ্রমণপিপাসুদের জন্য এক স্বর্গরাজ্য।

ব্রনোর ইতিহাস প্রাচীন যুগ পর্যন্ত বিস্তৃত। মধ্যযুগে এটি মোরাভিয়া অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। ১৩শ শতকে শহরটি দুর্গনগরী হিসেবে খ্যাতি অর্জন করে এবং ১৬৪৫ সালে সুইডিশদের আক্রমণ প্রতিহত করার ঘটনায় ইতিহাসে জায়গা করে নেয় ব্রনো। অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের আমলে ব্রনো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও শিল্পকেন্দ্র ছিল। শিল্পায়নের ফলে শহরে গড়ে ওঠে টেক্সটাইল, যন্ত্রপাতি ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শহরটির ওপর তীব্র প্রভাব ফেললেও যুদ্ধ-পরবর্তী সময় দ্রুত পুনর্গঠনের মাধ্যমে এটি পুনরায় বিকশিত হয়। আজও শহরের দুর্গ, ক্যাথেড্রাল ও ঐতিহাসিক ভবনগুলো সেই অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

ব্রনো ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য মেলবন্ধন। এখানে গথিক, বারোক, আর্ট নুভো থেকে শুরু করে আধুনিক স্থাপত্যশৈলী পর্যন্ত নানা ধরণের নিদর্শন পাওয়া যায়। অন্যদিকে Špilberk Castle শহরের ইতিহাসের অন্যতম প্রতীক, যা কখনো রাজকীয় দুর্গ, কখনো কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছে।

আধুনিক স্থাপত্যের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হলো Villa Tugendhat, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। বিখ্যাত স্থপতি লুডউইগ মিজ ভান ডের রোহে (Ludwig Mies van der Rohe) নির্মিত এই ভবনটি ২০শ শতকের আধুনিক আর্কিটেকচারের সেরা উদাহরণ হিসেবে বিবেচিত।

ব্রনোর সরকারি ভাষা হলো চেক (Czech)। তবে শিক্ষার প্রসার ও আন্তর্জাতিক ছাত্রদের কারণে এখানে ইংরেজি প্রচলিত, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রে। অনেক দোকান, রেস্তোরাঁ এবং হোটেলে জার্মান ও রাশিয়ান ভাষাও শোনা যায়। এ শহরের মানুষজন অতিথিপরায়ণ এবং সংস্কৃতিমনা, যা বিদেশিদের সহজেই আপন করে নেয়।

ব্রনো শুধু ঐতিহাসিক নয়, এটি শিক্ষারও এক প্রাণকেন্দ্র। শহরে রয়েছে Masaryk University (চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়), Brno University of Technology, Mendel University এবং আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দেশি-বিদেশি হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে। ফলে শহরে তৈরি করেছে বহুজাতিক ও প্রাণচঞ্চল ছাত্রজীবন।

ইউরোপের অন্যান্য শহরের তুলনায় ব্রনো তুলনামূলকভাবে সাশ্রয়ী হলেও এখানকার জীবনযাত্রার মান উচ্চ। শহরটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং আধুনিক সুবিধাসম্পন্ন। জনপরিবহন সময়নিষ্ঠ ও সহজলভ্য। শহরের ভেতরে ট্রাম, বাস, ট্রলি-বাস এবং বাইসাইকেল ব্যবস্থা নাগরিকদের জীবনকে করেছে সহজ।

ব্রনো ইউরোপের সঙ্গে সুদৃঢ়ভাবে সংযুক্ত একটি শহর। প্রাগ, ভিয়েনা, ব্রাটিসলাভা ও বুদাপেস্টের সঙ্গে এর সরাসরি ট্রেন যোগাযোগ রয়েছে, যা ভ্রমণকারীদের জন্য দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করে। ইউরোপের প্রায় সব বড় শহরের সঙ্গেই রয়েছে নিয়মিত বাস সার্ভিস। এছাড়া, Brno–Tuřany International Airport থেকে বিভিন্ন ইউরোপীয় শহরে সরাসরি ফ্লাইটের মাধ্যমে বিমান যোগাযোগও বিদ্যমান।

ব্রনো এখন একটি আন্তর্জাতিক শহরে পরিণত হয়েছে। এখানে পড়াশোনা ও কাজের জন্য অনেক বিদেশি আসে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও এশিয়া ও আফ্রিকার মানুষ এখানে কাজ ও শিক্ষার সুযোগ খুঁজে নিচ্ছে। বাংলাদেশি, ভারতীয়, ভিয়েতনামি, ইউক্রেনীয় ও মধ্যপ্রাচ্যের অনেক নাগরিকও এখানে বসবাস করছে। তারা কেউ ব্যবসা করছে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আবার কেউ চাকরির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে।

ব্রনো শিল্প ও প্রযুক্তির শহর হিসেবেও পরিচিত। এখানে যন্ত্রপাতি, টেক্সটাইল, তথ্যপ্রযুক্তি এবং গাড়ি শিল্প বেশ উন্নত। এছাড়া এখানে অনুষ্ঠিত হয় নানা আন্তর্জাতিক প্রদর্শনী ও বাণিজ্য মেলা। শহরের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো MotoGP Grand Prix—বিশ্বের সবচেয়ে বড়, দ্রুততম ও মর্যাদাপূর্ণ মোটরসাইকেল রেসিং প্রতিযোগিতা, যা প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক ও ক্রীড়াপ্রেমীকে আকর্ষণ করে।

পরবর্তী গন্তব্য: প্রাগ (চেক রিপাবলিক)


Back to top button
🌐 Read in Your Language