সৌমিত্রর জন্য ববিতার প্রার্থনা

ঢাকা, ১৩ অক্টোবর- কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবরে বেশ চিন্তিত তার সহশিল্পী-আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা।
সোমবার (১২ অক্টোবর) এই মন খারাপের কথা জানান অভিনেত্রী।
বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। ’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন পত্রিকায় সৌমিত্র’দার অসুস্থতার খবর শুনছি। আজ তো (সোমবার) এমনও শুনলাম, তাকে ভেন্টিলেশনে সাপোর্ট দেওয়া হতে পারে। এসব শুনে মনটা ভীষণ খারাপ। কত স্মৃতি আমাদের!’
১৯৭৩ সাল গুণী অভিনেত্রী ববিতার অভিনয় ক্যারিয়ারের সেরা বছর। ওই বছরই ববিতা অভিনীত সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমায় তিনি সৌমিত্রর স্ত্রীর চরিত্রে অভিনয় করে দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হন।
‘অশনি সংকেত’ সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণ করে ববিতা জানান, এই সিনেমার পরও সৌমিত্র’র সঙ্গে তার যোগাযোগ বেশ আন্তরিক ছিল। যখনই বাংলাদেশে কোনও কাজে আসতেন, কথা হতো। দেখাও হতো। খুব অসাধারণ সময়ও কাটতো।
ববিতা বললেন, ‘অসুস্থতার খবরে কত কী যে মনে পড়ছে। তবে শুধু একটা কথাই বলবো, ফিরে আসুন সৌমিত্র’দা। সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন। আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি।’
আরও পড়ুন: নতুন রূপে ‘গেন্দা ফুল’ (ভিডিও)
তিনি আরও জানান, ‘মনের দিক দিয়ে সৌমিত্র’দা বেশ শক্ত। আমি তো শুনলাম, এই করোনার মধ্যেও নাকি তিনি সপ্তাহ দুয়েক আগে শুটিং করছিলেন। ’ ববিতা আশাবাদ ব্যক্ত করেছেন, এই অসুখ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় ঠিকই ফিরে আসবেন।
আডি/ ১৩ অক্টোবর









