এনসিপি জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি

ঢাকা, ১৩ সেপ্টেম্বর – সবঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এর আগে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনেকের মনেই প্রশ্ন রয়েছে নির্বাচনে কোনো জোটে যাবে কিনা দলটি।
তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি এনসিপি। শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।
পোস্টে আদীব লিখেছেন, চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিস লিডিং। এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটির সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় এনসিপির কোনো অবস্থান নেই। বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত।
এ ছাড়াও জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবিতে এনসিপির সমর্থন আছে বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্য, সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন থাকবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫







