সচেতনতা

অতিরিক্ত পানি পান শরীরের জন্য ভাল নাকি বিপদ?

পানি আমাদের শরীরের জন্য অপরিহার্য। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে পানি যেমন শরীরের জন্য প্রয়োজনীয়, তেমনি অতিরিক্ত পানি পান করলেও ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

অতিরিক্ত পানি খেলে শরীরের ভিটামিন, খনিজ ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে। এতে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা শরীর দুর্বল হয়ে পড়ার মতো সমস্যা দেখা দেয়।

কিডনির প্রধান কাজ হলো রক্ত পরিশোধন ও শরীর থেকে বর্জ্য বের করে দেওয়া। কিন্তু একসঙ্গে অতিরিক্ত পানি শরীরে প্রবেশ করলে কিডনির ওপর চাপ বেড়ে যায়। এর ফলে শরীরে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যেতে পারে।

অতিরিক্ত পানি খাওয়ার কারণে সোডিয়ামের ঘাটতি তৈরি হলে সেটিকে বলা হয় হাইপোন্যাট্রেমিয়া। এতে মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব, বিভ্রান্তি দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে খিঁচুনি হওয়ার ঝুঁকিও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বয়স, ওজন, কাজকর্ম, জলবায়ু ও স্বাস্থ্য অনুযায়ী পানির চাহিদা নির্ধারণ হয়। সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্কের জন্য দৈনিক ২–৩ লিটার পানি যথেষ্ট। গরম আবহাওয়া বা শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে এই পরিমাণ আরও বাড়তে পারে।

চিকিৎসকরা বলছেন, বেশি পানি খাওয়া মানেই ভালো এমন ধারণা ভুল। তাই শরীরের তৃষ্ণার সংকেত অনুযায়ী পানি পান করতে হবে। এককথায় ‘স্মার্ট হাইড্রেশন’ অভ্যাস গড়ে তুলতে হবে।

অতিরিক্ত পানি শরীরের জন্য যেমন অপ্রয়োজনীয়, তেমনি ক্ষতিকরও হতে পারে। তাই শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করার পাশাপাশি কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এনএন


Back to top button
🌐 Read in Your Language