সচেতনতা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু আজ: সচেতনতা বৃদ্ধিতে দেশজুড়ে নানা কর্মসূচি

শিশুর সুস্থতা নিশ্চিত করতে এবং মাতৃদুগ্ধ পানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের ১৭০টিরও বেশি দেশের মতো বাংলাদেশেও আজ শনিবার থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। প্রতি বছরের ১ থেকে ৭ আগস্ট আন্তর্জাতিকভাবে এই সপ্তাহটি পালন করা হয়।

এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান।

১৯৯২ সাল থেকে ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্টফিডিং অ্যাকশন বা ডব্লিউএবিএ এই কর্মসূচি পালন করে আসছে। বর্তমানে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সরকারের সহযোগিতায় এটি একটি বৈশ্বিক আন্দোলনে রূপ নিয়েছে। বাংলাদেশে ২০১০ সাল থেকে নিয়মিতভাবে এই সপ্তাহ পালন করা হচ্ছে।

আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী শিশুকে মাতৃদুগ্ধ পান করালে তা বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দেয় এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। একইসাথে এটি পরবর্তী জীবনে অতিরিক্ত ওজন ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সহায়ক।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে মাতৃদুগ্ধ পান করানোর ফলে মায়েদের স্তন ও ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়।

গবেষকদের মতে বিশ্বব্যাপী মাতৃদুগ্ধ পানের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হলে প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ৮ লাখ ২৩ হাজার শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। অন্যথায় শিশুদের পর্যাপ্ত মাতৃদুগ্ধ না দেওয়া হলে সংক্রমণজনিত রোগের ঝুঁকি বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে স্থূলতার মতো অসংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন সপ্তাহব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচির পরিকল্পনা করেছে।

এনএন/ ১ আগস্ট ২০২৬


Back to top button