ধান ক্ষেতের উঁচু আলে আটকে পড়েছিল শাবক, টেনে হিঁচড়ে রাস্তা পার করল মা হাতি

ঝাড়গ্রাম, ০১ সেপ্টেম্বর – ধানের ক্ষেত পার হওয়ার সময় উঁচু আলপথে আটকে যায় একটি হস্তীশাবক। সঙ্গে সঙ্গে ছুটে আসে মা-হাতি ও দলের অন্য সদস্যরা। শুঁড় দিয়ে ঠেলে ও টেনে শেষমেশ শাবকটিকে নিরাপদে তুলে আনে তারা। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙা এলাকার ডিগারবাঁধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) সকালে একদল হাতি ধানের জমি পেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। তাদের সঙ্গেই ছিল বেশ কয়েকটি শাবক। পাকা রাস্তা ও ধানজমির মাঝের উঁচু আলপথে উঠে আটকে যায় একটি হস্তীশাবক। প্রথমে মা হাতি শুঁড় দিয়ে ঠেলে তাকে তুলতে চেষ্টা করে। পরে দলের এক পূর্ণবয়স্ক হাতিও সাহায্যে এগিয়ে আসে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে সফল হয় হাতির দল। এ সময় আশপাশের গ্রামবাসী ভিড় করে ঘটনাটি দেখে এবং অনেকেই মোবাইল ফোনে ভিডিও করে রাখে।
হাতি বিশেষজ্ঞ সমীর মজুমদার বলেন, হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। মানুষের মতোই তারা নিজেদের শাবকদের আগলে রাখে। বিপদে পড়লে প্রাণপণ চেষ্টা করে তাদের উদ্ধার করতে। এমনকি প্রয়োজনে আক্রমণও করতে পারে। তাই শাবকসহ হাতির দল দেখলে দূরে থাকাই ভালো।
এর আগেও ঝাড়গ্রামে এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগে লালগড় এলাকায় কংসাবতী নদীর তীরে আলু চাষের জমিতে হানা দিয়েছিল ৫০-৬০টি হাতির একটি দল। জঙ্গলে ফেরার পথে কংক্রিটের ড্রেনে আটকে পড়ে শাবক। মা-হাতির চেষ্টা ব্যর্থ হলে পেছন থেকে ফিরে আসে আরো দুই হাতি। তিনটি হাতি মিলে শুঁড় দিয়ে টেনে শাবকটিকে ড্রেন থেকে উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যায়।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫









