পশ্চিমবঙ্গ

পদ্মের গুঞ্জনে এ বার মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক

কলকাতা, ০৪ ফেব্রুয়ারি – এ বার কি সত্যিই পদ্ম ফুটবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে? এই গুঞ্জন ক্রমশ ছড়িয়ে পড়ছে। যার কেন্দ্রে রয়েছেন তাঁর এক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েই দাবি করেছিলেন, কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর পরিবারেও পদ্ম ফুটবে। সম্প্রতি খবর, বিজেপির সঙ্গে কার্তিকবাবুর যোগাযোগ হয়েছে। কার্তিকবাবুকে বুধবার সরাসরি এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘সবটাই এখনও আলোচনার স্তরে। আমি কোনও সিদ্ধান্ত নিইনি। এখনও বিষয়টা সেই পর্যায়ে যায়নি।’’ আর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘বিজেপির দিক থেকে কেউ কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেননি। আর কাউকে যোগাযোগ করার দায়িত্বও দেওয়া হয়নি।’’

আরও পড়ুন : মোদীর অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না দেব, টুইটে উত্তর দিলেন সৌমিত্র খাঁকে

প্রসঙ্গত, মমতার মুখ্যমন্ত্রিত্বের ১০ বছরে রাজনীতির সামনের সারিতে কার্তিকবাবুকে দেখা যায়নি। মূলত ক্লাব এবং সামাজিক সংগঠনের মধ্যেই তাঁর গতিবিধি আবদ্ধ ছিল। মমতা কার্তিকবাবুকে ‘জয় হিন্দ’ নামক একটি সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব দিয়েছিলেন। তবে সেখানেও তাঁকে উল্লেখযোগ্য ভূমিকা নিতে দেখা যায়নি। কোনও কোনও সূত্রের খবর, কার্তিকবাবুর সঙ্গে সাংসদ তথা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব ইতিবাচক নয়। যদিও প্রকাশ্যে এ নিয়ে কিছুই জানা যায়নি। অন্য দিকে, মমতার সঙ্গে কার্তিকবাবুর দূরত্ব আছে বলেও শোনা যায়নি।

সূত্র : আনন্দবাজার
এন এ/ ০৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language