চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় মারমা যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রাম, ২০ জুন – চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শিবুউ মারমা (৩৪) নামে এক মারমা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দার কুল এলাকায় এ ঘটনা ঘটে।

শিবুউ মারমা সরফভাটা বড়খোলাপাড়া এলাকার মারমাপল্লির বাসিন্দা চিংচালা মারমার ছেলে। তিনি পাহাড় থেকে লেবু এনে বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবুউ মারমার শ্বশুরবাড়ি রাঙ্গুনিয়ার পাশ্ববর্তী উপজেলা কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনায়। গতকাল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান তিনি। শুক্রবার সকালেই স্ত্রীকে সেখানে রেখে নিজ বাড়িতে ফেরার পথে গুলি চালিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গুলিতে ঘটনাস্থলেই শিবুউ মারমার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২০ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language