জাতীয়

হাসিনা-কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ

ঢাকা, ০১ জুন – ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আজ রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে। এ বিষয়ে শুনানি সরাসরি সম্প্রচার করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশনকে দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শনিবার এক সভায় বলেন, ‘আমরা বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।’

শেখ হাসিনাকে ‘গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস’ বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে জানান তিনি।

চিফ প্রসিকিউট বলেন, বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে। তবে তদন্ত শেষ করতে যুক্তিসংগত সময় লাগবে। ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে। জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে।

বিচারপ্রক্রিয়ায় বাধা অনেকটা দূর হয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোটাদাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে। তবে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে। গ্রেপ্তার নিশ্চিতের বিষয়ে আমরা কাজ করছি।

তাজুল ইসলাম জানান, বিচারের ক্ষেত্রে তারা খুবই সাবধানতা অবলম্বন করছেন। তিনি বলেন, বিচারের আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, যেগুলো অতীতে হয়েছে, সেগুলো যেন না হয়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।

প্রসঙ্গত, জুলাই আগস্ট জুড়ে সারাদেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায়ে গেলো ১২ মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধেও আনা হয় ৫টি অভিযোগ।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ জুন ২০২৫

Back to top button
🌐 Read in Your Language